র‌্যাচেল কোরির যাত্রী ও ক্রুদের ফেরত পাঠিয়েছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ র‌্যাচেল কোরির যাত্রী ও ক্রুদের ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রোববার ইসরায়েল থেকে সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা জানান। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার ঘটনা তদন্তে একটি বহুজাতিক প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।গত শনিবার মিসরের উপকূলের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমায় সাহায্যকর্মী ও ক্রুসহ র‌্যাচেল কোরিকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। ত্রাণবাহী জাহাজ র‌্যাচেল কোরি গত বৃহস্পতিবার গাজার পথে রওনা দেয়। ইসরায়েলের জর্ডান সীমান্তে থাকা এএফপির সাংবাদিক জানান, মালয়েশিয়ার ছয়জন ও কিউবার একজন নাগরিককে সীমান্ত দিয়ে জর্ডান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ১১ জন সাহায্যকর্মী ও ক্রুকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আকাশপথে ফেরত পাঠানোর কথা। এ ছাড়া ৩১ মে ত্রাণবাহী নৌবহরে হামলায় আহত ইন্দোনেশীয় এক নাগরিককেও গতকাল ফেরত পাঠানো হয়।এদিকে গতকাল ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, বান কি মুন একটি আন্তর্জাতিক প্যানেল গঠনের প্রস্তাব দিয়েছেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমারের নেতৃত্বে ওই প্যানেলে তুরস্ক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। গত শনিবার প্রস্তাবটি নিয়ে বান কি মুনের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি নেতারা। গতকাল বিষয়টি ইসরায়েলি মন্ত্রিসভায় তোলার কথা তাঁদের।জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রস্তাব নিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রসেল তাইপ এরদোগানের সঙ্গেও আলোচনা করেছেন বান। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের কথা ঘোষণা করেননি জাতিসংঘ মহাসচিব। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলায় নয়জন তুর্কি নাগরিক নিহত হয়।লন্ডনে বিক্ষোভ: গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়েক হাজার বিক্ষোভকারী গত শনিবার লন্ডনে বিক্ষোভ করে। ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পতাকা ও পোস্টার নিয়ে এবং স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা এ ঘটনায় ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানায়। ‘স্টপ দি ওয়ার কোয়ালিশন’ নামের এই কর্মসূচির আয়োজকদের অন্যতম লিন্ডসে জার্মান বলেন, ‘সাহায্যকর্মীদের মৃত্যু বিফলে যায়নি, আজকের এ আয়োজন তারই প্রমাণ।’ সমাবেশে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিল তুর্কি সম্প্রদায়ের। এ ছাড়া স্কটল্যান্ডের এডিনবরায় কয়েক হাজার স্কটিশও ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে।হামলাকারী সেনাদের ছবি ছেপেছে তুর্কি পত্রিকা: তুরস্কের অন্যতম সর্বাধিক বিক্রীত পত্রিকা হুররিয়াত গতকাল ত্রাণবাহী নৌবহরে হামলায় অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের ছবি ছেপেছে। পত্রিকাটি জানিয়েছে, ওই নৌবহরে থাকা এক সাহায্যকর্মীর একটি ‘মেমরি কার্ড’ থেকে ছবিগুলো উদ্ধার করা হয়েছে। পত্রিকার ছবিতে দেখা গেছে, এক ইসরায়েলি সেনার মুখমণ্ডলে রক্ত। তিনি মাথার পেছনে হাত দিয়ে আছেন। আরেকটি ছবিতে দেখা গেছে দুই সাহায্যকর্মী ধাতব দণ্ড নিয়ে জাহাজের একটি দরজায় অপেক্ষায় রয়েছেন। ওই নৌবহরে থাকা এক মার্কিন সাহায্যকর্মী স্বীকার করেছেন, তাঁরা ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। এএফপি, রয়টার্স।