
বিশ্বে এখন কত কিছু নিয়েই না র্যাঙ্কিং করা হচ্ছে। র্যাঙ্কিংয়ে দেশ ভালো অবস্থানে থাকলে সরকার খুশি আর খারাপ অবস্থানে থাকলে সরকার সতর্ক। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তুলনা বা র্যাঙ্কিংয়ের বিষয়টি এখন যেমন জনপ্রিয়, তেমনি প্রভাব বিস্তারকারী। কিন্তু এই র্যাঙ্কিং কি সব সময় সঠিকভাবে করা হচ্ছে? গবেষকেরা বলছেন, গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং করার ক্ষেত্রে বিশাল ফাঁকফোকর থেকে যাচ্ছে আর থাকছে ভুল-ভ্রান্তি। সম্প্রতি র্যাঙ্কিং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, তিন বছর পরপর বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে পিসা যখন র্যাঙ্কিং প্রকাশ করে তখন বিশ্বজুড়ে শিক্ষামন্ত্রীদের কাঁপন উঠে যায়। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের প্যারিসভিত্তিক সংস্থা তিন বছর অন্তর প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ‘পিসা (পিইএসএ) নামে শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক র্যাংকিং নির্ধারণ করে। র্যাংকিংয়ের ওপরের দিকে যারা থাকে তারা স্বভাবতই মর্যাদার লড়াইয়ে এগিয়ে থাকে। ২০০১ সালে প্রথম পিসার র্যাংকিং প্রকাশিত হয়। সে সময় সবাইকে চমক দিয়ে ফিনল্যান্ড প্রায় সব বিষয়ে শীর্ষে অবস্থান করে। অন্যদিকে, র্যাংকিংয়ে জার্মানির অবস্থান ভালো না হওয়ায় দেশটির শিক্ষা মন্ত্রণালয়কে ৫০০ কোটি ডলার খরচ করে নতুন শিক্ষা-সহায়ক কর্মসূচি গ্রহণ ও স্কুলগুলোর পুনর্গঠন করতে হয়।
একই ভাবে বিশ্বব্যাংকের বার্ষিক ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ যথেষ্ট প্রভাবশালী র্যাংকিং হিসেবে বিবেচিত হয়। এই র্যাঙ্কিং বিনিয়োগকারীদের কাছে সরকারের অবস্থানকে যথাযথভাবে তুলে ধরে বলে বিবেচনা করা হয়। ব্যবসার উপযুক্ত পরিবেশের দৃষ্টিকোণ থেকে এই সূচক নির্ধারিত হয়। এই সূচকটি কোনো দেশের বাণিজ্য সফল হয়ে ওঠার প্রস্তুতির সূচক হিসেবে ধরা হয়।
এ ছাড়া ট্রাফিকিং ইন পারসনস (টিআইপি) নামে প্রতিবছর একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবপাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপের ওপর ভিত্তি করে এই বিভিন্ন দেশের র্যাঙ্কিং করা হয়। এই তালিকায় অবস্থান ভালো না হলে দেশটি কালো তালিকায় চলে যায়, তার অর্থ দাঁড়ায় দেশটি বিনিয়োগ ও সাহায্য পাওয়ার নিশ্চয়তা অনেক কমে যায়।
বিভিন্ন দেশের সামাজিক বিষয় বা নীতিনির্ধারক বিষয়গুলোকে প্রভাবিত করে চলেছে এ ধরনের পারফরম্যান্স সূচক। এ ধরনের সূচক তৈরি করতে বিভিন্ন বিষয়ের তথ্য একত্র করে একটি সমন্বিত স্কোর করা হয়। ক্রমশ এ র্যাঙ্কিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। গত দুই দশকে এ ধরনের র্যাংকিং নির্ধারণী প্রতিষ্ঠানও বেড়েই চলেছে।
নীতিনির্ধারণ পর্যায়ে বৈশ্বিক সূচকের প্রভাব নিয়ে গবেষণা করছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক জুডিথ কেলি। তাঁর মতে, ‘সংখ্যা, রেটিং কিংবা র্যাঙ্কিং মানুষের মনোযোগ আকর্ষণ করে বেশি এবং তথ্য দ্রুত প্রক্রিয়াজাত করার সুবিধা হয় এতে।’
র্যাঙ্কিং প্রকাশিত হলে তা ওয়েবের দুনিয়ায় দাবানলের মতো হুহু করে ছড়িয়ে পড়ে। অনলাইনে র্যাঙ্কিংয়ের লাখ লাখ উল্লেখ থাকে।

গবেষকেদের মতে, নির্ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি সূচককেই সেরা সূচক বলা যেতে পারে। যেমন পিসার সূচকটিকে আদর্শ সূচক বলা যেতে পারে। তথ্য-উপাত্ত ছাড়াও এক ডজনের বেশি মানদণ্ড বজায় রেখে এই সূচক তৈরি করা হয়। কিন্তু অন্যান্য র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য উপায়ে তথ্য সংগ্রহ হয় কি না, সে প্রশ্ন থেকেই যায়।
গবেষকেরা দাবি করেন, র্যাঙ্কিং তৈরির সময় কী ধরনের তথ্য সংযুক্ত করতে হবে, সে সম্পর্কে অনেক সময় সঠিক ধারণা থাকে না এবং এখানে মনগড়া তথ্য ব্যবহার করা হয়।
গবেষক কেলি বলেন, ব্র্যান্ডিং ও প্রভাব বিস্তারের ক্ষেত্র বিবেচনায় ধরলে রেটিং ও র্যাঙ্কিংকে শক্তিশালী সরঞ্জাম হিসেবেই বিবেচনা করা যায়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেথ সিমন্স ও কেলি মিলে এ ধরনের সূচকের জনপ্রিয়তার কারণ বের করেছেন। তাঁরা দেখেছেন যে, সরকারি ক্ষেত্রে এ ধরনের সূচকের গ্রহণযোগ্যতার কারণেই এটি জনপ্রিয়। এ ছাড়াও বেসরকারি সংগঠন (এনজিও) ও নানা প্রচারণামূলক প্রতিষ্ঠান নতুন আইন পাস করাতে এ ধরনের সূচক কাজে লাগায়।
বৈশ্বিক দাসত্ব সূচকে নবম বাংলাদেশগবেষকেদের কেস স্টাডির মূল বিষয়টি ছিল ট্রাফিকিং ইন পারসনস বা টিআইপি, যা ২০০১ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। ওই সময় বার্ষিক প্রতিবেদনে ৭৯টি দেশের ওপর আলোকপাত করা হলেও এখন ১৯০টি দেশকে নিয়ে এই প্রতিবেদন ছাপা হয়। মানবপাচারের ওপর কোন দেশে আইন আছে, আর কোন দেশে নেই, সেই বিষয়টির ওপর বেশি গুরুত্ব দিয়ে টিআইপি একটি বৈশ্বিক আন্দোলন গড়ে তুলতে পেরেছে। সমস্যা সমাধান ও অপরাধীদের শাস্তি দিতে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণমাধ্যমে মানবপাচার রোধের এই সূচকের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করে। গবেষকেরা বলছেন, টিআইপি সূচককে পারফরম্যান্স টুলের দারুণ একটি উদাহরণ বলা যেতে পারে। অবশ্য ফ্লোরেন্সের ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নেইল হাওয়ার্ড এর সমালোচনা করে বলেন, এই সূচকটিও নির্ভরযোগ্য নয়। এতে হাত ফেরতা তথ্যকে মূল তথ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে বিশ্বাসযোগ্য নয়, এমন তথ্যও ব্যবহার করা হয়।
হাওয়ার্ড আরও বলেন, এক দেশের তথ্যের ভিত্তিতে আরেক দেশের অবস্থান নির্ধারণ করা হয়, যা সংগতিপূর্ণ নয়। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থা দুর্বল হলে এবং অর্থনৈতিক অবস্থা ভালো না হলে, এ সূচক বড় ধরনের প্রভাব ফেলতে পারে না।
টিআইপির মতো বৈশ্বিক দাসত্ব সূচককেও আরেকটি গুরুত্বপূর্ণ সূচক বলে মনে করা হয়। অ্যান্ড্রু ফরেস্ট নামে অস্ট্রেলিয়ার এক ধনী ব্যক্তি আধুনিককালের দাস প্রথা কমিয়ে আনার বিষয়ে কাজ শুরু করতে চাইলেন তখন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তাঁকে সহজ কয়েকটি পরামর্শ দেন। তিনি বলেন, ‘আগে বর্তমানকালের দাস সংখ্যা বের করুন কারণ, আপনি দাস সংখ্যা বের করতে না পারলে তাদের অস্তিত্বের কথা বলতে পারবেন না।’ এর ফলেই তৈরি হয় গ্লোবাল স্ল্যাভারি ইনডেক্স বা বৈশ্বিক দাসত্ব সূচক। সূচকে জোর করে শ্রমকাজে অথবা জোর করে বিয়েতে বাধ্য করা, বাণিজ্যিকভাবে যৌনকাজে ব্যবহার, মানব পাচারের শিকার লোকজনকে দাস হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ওয়ার্ক ফ্রি ফাউন্ডেশন ১৭ নভেম্বর সোমবার বৈশ্বিক দাসত্ব সূচক ২০১৪ প্রকাশ করে। সংস্থাটি দ্বিতীয়বারের মতো এ সূচক প্রকাশ করল। বিশ্বের ১৬৭টি দেশের ওপর এ জরিপ পরিচালনা করা হয়।
এই র্যাঙ্কিং বিশালভাবে মানুষকে আকর্ষণ করেছে। এই সূচকে বিশ্বে তিন কোটি মানুষকে আধুনিক দাস হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে। তবে এই র্যাঙ্কিংয়ের সমালোচনাও হয়েছে প্রচুর।
গবেষক হাওয়ার্ড বলেন, টিআইপির মতো এই র্যাংকিং তৈরি করতেও অনির্ভরযোগ্য তথ্য ব্যবহার করা হয়েছে এবং র্যাংকিংয়ের নামে কয়েকটি দেশকে ‘সুনামধারী’ আর কয়েকটি দেশের ‘সুনাম ক্ষুণ²’ করা হয়েছে।
গবেষক হাওয়ার্ডের মতে, এই তালিকা প্রকাশ করা সঠিক হয়নি। বিশেষ করে দাসত্ব সূচকের শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা বেনিনের নিজস্ব মাঠ গবেষণা ও ভুক্তভোগীদের সাক্ষাৎকারের বিষয়টি প্রমাণ করে যে, সূচকে দাবি করা অবস্থানের চেয়ে তারা অনেক ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়াও যেখানে দাসত্ব সূচক নির্ধারণের বিষয়টি জরিপ হয়নি সেখানে অন্য দেশের তথ্য ব্যবহার করা হয়েছে। যুক্তরাজ্যের আধুনিক দাসত্বের প্রবলতার হার আয়ারল্যান্ড, আইসল্যান্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। যুক্তরাষ্ট্রর হার ইউরোপের কয়েকটি দেশের ক্ষেত্রে ব্যবহার কারা হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক রোনাল্ড উইটজার এ ধরনের তুলনাকে ‘অদ্ভুত’ তুলনা হিসেবে বর্ণনা করেছেন।
গবেষক হাওয়ার্ড এ ধরনের সূচক তৈরিতে ব্যবহৃত তথ্য প্রসঙ্গে বলেন, তথ্যের মেরি-গো- রাউন্ড কিন্তু তা আসল তথ্য নয়। ভালো কিছু করার লক্ষ্যে হয়তো এমন কিছু করা হয় কিন্তু এ ধরনের সংবেদনশীলতা খুব বেশি কাজে লাগানো যায় না।’