লকারবি বিমান হামলার নির্দেশ দেন গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি যখন সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলায় কার্যত ব্যর্থ, ঠিক তখনই যেন লকারবি বিমান হামলা বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন তাঁরই এক সাবেক মন্ত্রী। সদ্য পদত্যাগী বিচারমন্ত্রী মুস্তাফা মোহাম্মদ আবদেল জলিল দাবি করেছেন, গাদ্দাফি ব্যক্তিগতভাবে লকারবি বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন। গত বুধবার সুইডেনের একটি পত্রিকা এই খবর প্রকাশ করেছে।১৯৮৮ সালের ২১ ডিসেম্বর স্কটল্যান্ডের লকারবি গ্রামের আকাশে যুক্তরাষ্ট্রগামী প্যানঅ্যাম এয়ারলাইনসের বিমানে হামলায় ২৭০ জন নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন মার্কিন নাগরিক। বিমানটি লন্ডন থেকে নিউইয়র্কে যাচ্ছিল। এ ঘটনায় জড়িত থাকার দায়ে লিবিয়ার নাগরিক আবদেল বাসেত আল মেগরাহি অভিযুক্ত হন।সাবেক মন্ত্রী মুস্তাফা সুইডেনের পত্রিকা দ্য এক্সপ্রেসেন-এ বলেন, ‘গাদ্দাফি লকারবিতে বিমানে হামলার নির্দেশ দিয়েছিলেন। আমি এটা প্রমাণ করতে পারব।’ তবে তিনি তাঁর সাক্ষ্য-প্রমাণ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। মুস্তাফা বলেন, ‘গাদ্দাফি বিষয়টি গোপন করতে সর্বাত্মক চেষ্টা করেছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত লিবীয় নাগরিক মেগরাহিকে স্কটল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনতে প্রাণান্ত চেষ্টা করেন।’প্রস্টেট ক্যানসারে আক্রান্ত মেগরাহিকে ২০০৯ সালের আগস্ট মাসে মানবিক কারণে স্কটল্যান্ডের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মেগরাহি শিগগিরই মারা যাবেন—ওই সময় এমন কথাও বলা হয়। তবে মেগরাহি এখনো জীবিত আছেন এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পরিবারের সঙ্গে বাস করছেন।যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের চেরি হিলের বাসিন্দা বব মেনেত্তির ছেলে রিচার্ড (২০) লকারবি বিমান হামলায় নিহত হন। মেনেত্তি জানান, গাদ্দাফির সাবেক এক মন্ত্রীর কাছ থেকে প্রকৃত তথ্য পেয়ে তিনি খুশি। তিনি বলেন, ‘বিচারের বিষয়টি খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, ওই হামলার নির্দেশ কে দিয়েছে—বিচারে ওই প্রশ্ন তোলা হয়নি।’বিক্ষোভকারীদের দমনে গাদ্দাফির কঠোর অবস্থানের বিরোধিতা করে কয়েক দিন আগে বিচারমন্ত্রীর পদ ছেড়ে দেন মুস্তাফা। এএফপি, বিবিসি, রয়টার্স, ডেইল মেইল।