লকারবি হামলায় অভিযুক্ত মেগরাহি মারা গেছেন
লকারবি বোমা হামলায় একমাত্র অভিযুক্ত লিবীয় নাগরিক আবদেল বাসেত আলী আল-মেগরাহি গতকাল রোববার মারা গেছেন। তাঁর ভাই আবদেল হাকিম আল-মেগরাহি তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মেগরাহি (৬০) প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন। গত এপ্রিলে কিছুদিন হাসপাতালে ছিলেন। পরে তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। গতকাল তাঁর ভাই বলেন, স্থানীয় সময় বেলা একটার দিকে মেগরাহির মৃত্যু হয়।১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে একটি মার্কিন বিমানে বোমা হামলা চালানো হয়। এতে ২৭০ জন নিহত হয়। প্যান অ্যাম বিমান সংস্থার ওই উড়োজাহাজ লন্ডন থেকে নিউইয়র্ক যাচ্ছিল।স্কটল্যান্ডের একটি আদালত ২০০১ সালে মেগরাহিকে ২৭ বছরের কারাদণ্ড দেন। ২০০৯ সালে কারা চিকিৎসকেরা জানান, মেগরাহি ক্যানসারে ভুগছেন। তিনি বড়জোর তিন মাস বাঁচবেন। আট বছর কারাভোগের পর ওই বছর মানবিক কারণে মেগরাহিকে মুক্তি দেওয়া হয়। এএফপি।