লক্ষ্মীর ভালোবাসা ফিরে পাওয়া

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর কাছে আট বছর আগে পৃথিবীটা যেন উল্টে গিয়েছিল। দুনিয়ার সব পুরুষের প্রতি জন্মেছিল প্রচণ্ড ঘৃণা। মন থেকে মুছে গিয়েছিল সব ভালোবাসা। একজন সাংবাদিকের ভালোবাসা আবার বদলে দিয়েছে লক্ষ্মীকে।
গতকাল বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যাসিড হামলার শিকার লক্ষ্মীর এ কাহিনি তুলে ধরা হয়েছে।
ভারতের দিল্লির বাসিন্দা লক্ষ্মী (২৩)। ২০০৬ সালে অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর।
লক্ষ্মী জানান, দিনটি ছিল এপ্রিলের কোনো এক তাতানো দিন। বইয়ের দোকানে খণ্ডকালীন বিক্রয়কর্মী লক্ষ্মী যাচ্ছিলেন তাঁর কর্মস্থলের দিকে। হঠাত্ পেছন থেকে লক্ষ্মীর পিঠে টোকা দেয় কেউ। পেছনে ফিরতেই তাঁর মুখে ও গলায় তরল পদার্থ ঢেলে দিয়ে পালিয়ে যায় সে।
সেই ভয়ংকর স্মৃতি আওড়াতে গিয়ে লক্ষ্মী বলেন, ‘প্রথমে আমি ঠান্ডা অনুভব করি। এরপর তীব্র জ্বালাপোড়া শুরু হয়।’ লক্ষ্মীর মুখে সেদিন অ্যাসিড ছুড়েছিল ৩২ বছর বয়সী এক লোক, যে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। লক্ষ্মী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় লোকটি এভাবে প্রতিশোধ নেয়।

লক্ষ্মী বলেন, ‘এরপর থেকে আমি পুরুষদের ঘৃণা করতাম। ভালোবাসা শব্দটা আমার মনে অস্বস্তি তৈরি করত। ভালোবাসা নিয়ে যে ধারণা, বলিউডের সিনেমায় যা দেখা যায়, আমাকে তা তাড়া করে ফিরত। আমি গুনগুনিয়ে প্রেমের গান গাইতাম ঠিকই, তবে গানের কলি ছিল অর্থহীন।’
এরপর একদিন অ্যাসিডবিরোধী এক প্রচারণায় আসা সাবেক সাংবাদিক অলক দীক্ষিতের সঙ্গে পরিচয় হয় লক্ষ্মীর। প্রথম পরিচয়েই তাঁদের প্রেম।
‘অলোক আমাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অনুভূতি দিয়েছে। আগে আমার প্রায়ই দম বন্ধ হয়ে আসত ও প্রচণ্ড চাপবোধ করতাম। অলোকের সঙ্গে পরিচয়ের পর দেখলাম, সে আমার কষ্ট ভাগ করে নিতে আগ্রহী।’ বললেন লক্ষ্মী।
২৫ বছর বয়সী অলক অ্যাসিডবিরোধী প্রচারণার কাজ পুরোদমে করার লক্ষ্যে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন। ‘পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যবোধই’ লক্ষ্মীর সঙ্গে তাঁর ভালোবাসাকে পরিপূর্ণতা দিয়েছে বলে মনে করেন অলক। তিনি বলেন, ‘লক্ষ্মীকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তাঁর রয়েছে অসম্ভব প্রাণশক্তি। অ্যাসিডের শিকার অনেক নারীই পরিবার ও সমাজের চাপের মুখে লড়াই করার আগ্রহ হারিয়ে ফেলেন। তবে লক্ষ্মী লড়াইয়ের পথই বেছে নিয়েছে।’
লক্ষ্মী বলেন, ‘একজন পুরুষ আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছিল। আরেকজন পুরুষ আমার জীবনকে সযত্নে লালন করছে। অলক আমার জীবনকে অর্থবহ করে তুলেছে। ব্যক্তি হিসেবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার শক্তি দিয়েছে।’ বর্তমানে লক্ষ্মী আর অলক একসঙ্গে থাকেন এবং দিল্লির কাছে একটি ছোট দপ্তর নিয়ে তাঁদের অ্যাসিডবিরোধী কার্যক্রম পরিচালনা করছেন।