লক্ষ্যভেদে জুড়ি নেই চন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৭৮ বছর? কুছ পরোয়া নেই। চশমা ছাড়াই পত্রিকা পড়তে পারেন তিনি। করতে পারেন ঘরের সব কাজ। আর যে কাজটি করে তিনি সুনাম কুড়িয়েছেন, তা হচ্ছে আগ্নেয়াস্ত্র দিয়ে লক্ষ্যভেদ। গুলি ছুড়ে নিশানা ভেদ করে এ পর্যন্ত ২৫টির বেশি শিরোপা জিতেছেন তিনি। ধারণা করা হচ্ছে, চন্দ্র টোমার নামের এই ভারতীয় নারীই বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার শুটার। চাকরিজীবনে পুলিশে ছিলেন চন্দ্র। ওই সময়েই গুলি ছোড়ায় দক্ষ হয়ে ওঠেন। অবসর জীবনে এখন ছয় সন্তান ও ১৫ জন নাতি-নাতনি নিয়ে এ বয়সে বেশ আছেন শুটার চন্দ্র। চন্দ্র বলেন, ‘আমার জীবনে কাজে লাগবে—এমন কিছু একটা করতে চেয়েছি আমি। মানুষকে দেখাতে চেয়েছি আমার সামর্থ্য।’পিস্তল থেকে প্রথম গুলি ছোড়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে চন্দ্র বলেন, ‘গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। কিন্তু এখন সবাই জানে, গুলিতে লক্ষ্যভেদ করতে বয়স কোনো ব্যাপারই নয়। আমি প্রমাণ করে ছেড়েছি, মনের জোর থাকলে অনেক অসাধ্যই সাধন করা যায়।’প্রায় ১০ বছর আগের ঘটনা। চন্দ্র তাঁর এক নাতনিকে উত্তর প্রদেশের জহরি গ্রামে গুলি ছোড়ার ফায়ারিং রেঞ্জে নিয়ে যান। ওই নাতনি শুটিং শিখতে চান। কিন্তু শুটিং ক্লাবে একা যেতে লজ্জা পাচ্ছিলেন। তাই চন্দ্রর সঙ্গে যাওয়া। সেখানে তাঁর নিশানা ভেদের অসাধারণ ক্ষমতা দেখে প্রশিক্ষক অবাক। শুটিং ক্লাবের কোচ ও প্রতিষ্ঠাতা ফারুক পাঠান বলেন, ‘একজন শুটারের দক্ষতা পুরো মাত্রায় আছে তাঁর মধ্যে। তাঁর হাত কাঁপে না, দৃষ্টিশক্তিও প্রখর।’ চেন্নাইয়ে ভেটেরান শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে সারা দেশে বেশ পরিচিতি লাভ করেন চন্দ্র। মেয়ে সীমা তাঁর সবচেয়ে বড় ভক্ত। আর এই সীমা নিজেও আন্তর্জাতিক তারকা। রাইফেল অ্যান্ড পিস্তল ওয়ার্ল্ড কাপে প্রথম ভারতীয় নারী হিসেবে স্বর্ণপদক জয় করেন তিনি।চাকরিজীবনে চন্দ্র একবার এক শুটিং প্রতিযোগিতায় একজন কর্মকর্তাকে হারিয়ে দিয়েছিলেন। চন্দ্র বলেন, ‘আমি দিল্লি পুলিশের উপমহাপরিদর্শককে (ডিআইজি) পরাস্ত করেছিলাম। এটা ছিল আমার জীবনের সত্যি দারুণ এক সাফল্য।’এত যে খ্যাতি লাভ করেছেন তিনি, এরপরও চন্দ্র নিজের হাতে রান্নাবান্না করেন। ঘরদোর পরিষ্কার করেন। পরিবারের সদস্যদের দেখাশোনা করেন। সবার দুপুরের খাওয়া হয়ে গেলে ক্লাবের দিকে ছোটেন তিনি। ডেইলি মেইল।