লন্ডন পুলিশপ্রধানের পদত্যাগের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা পার্কারকে বহনকারী গাড়িতে হামলার ঘটনায় ব্রিটেনের শীর্ষ পুলিশ কর্মকর্তা পদত্যাগের প্রস্তাব দিয়েছেন। দেশটির প্রভাবশালী পত্রিকা সানডে টাইমস গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।লন্ডনে গত বৃহস্পতিবার ব্যাপক ছাত্র-বিক্ষোভের সময় ভাঙচুরের কবলে পড়ে রাজপরিবারের গাড়ি। এতে প্রিন্স চার্লস ও ক্যামিলা পার্কারের কিছু না হলেও লন্ডন পুলিশ এ ঘটনায় ভীষণ বিব্রত। বিশেষ করে আগামী বছর প্রিন্স উইলিয়ামের বিয়েকে সামনে রেখে এ ঘটনায় নিরাপত্তা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পত্রিকাটি জানায়, লন্ডন মেট্রোপলিটন পুলিশের প্রধান পল স্টিফেনসন শুক্রবার সকালে প্রিন্স চার্লসকে ফোন করে ব্যক্তিগতভাবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এ সময় তিনি পদত্যাগের প্রস্তাব করেন। লন্ডন পুলিশের একজন সূত্রের বরাত দিয়ে সানডে টাইমস বলেছে, ‘পল স্টিফেনসন এটা স্পষ্ট করেছেন যে, রাজপরিবার যদি মনে করে তাঁর পদত্যাগ করা উচিত তাহলে তিনি এর জন্য প্রস্তুত। তবে এই প্রস্তাব রাজপরিবার মেনে নেবে বলে তিনি মনে করছেন না। কিন্তু তাঁর পক্ষ থেকে এটাই করা সমীচীন বলে তিনি মনে করছেন।’ পল স্টিফেনসনের একজন সহকর্মী নাম প্রকাশ না করে বলেন, ‘পল একজন সম্মানিত ব্যক্তি। তিনি তাঁর অবস্থান পুনর্বিবেচনার ব্যাপারে সজাগ।’ পুলিশের একজন মুখপাত্র সানডে টাইমস-এর প্রতিবেদনটি নিশ্চিত করে বলেছেন, পল স্টিফেনসন ব্যক্তিগতভাবে প্রিন্স চার্লসের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে এ সময় দুজনের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। ব্রিটিশ রাজপরিবারের গাড়িতে হামলার ঘটনার পর পল স্টিফেনসন কর্তব্যরত পুলিশের পক্ষে বিবৃতি দিয়ে বলেন, প্রিন্স চার্লস ও ক্যামিলা পার্কার যে পথ দিয়ে মধ্য লন্ডন থেকে থিয়েটারে যাচ্ছিলেন, সেই পথে মিনিট কয়েক আগেও পুলিশ টহল দিয়েছে। তিনি আরও বলেন, রাজপরিবারের সদস্যদের রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। বিক্ষোভকারীদের দমনে তাঁদের তরফ থেকে কাউকে পদক্ষেপ নিতে দেখা যায়নি। এএফপি।