লন্ডন স্টক এক্সচেঞ্জে হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার ৪ ব্রিটিশ জঙ্গির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন সাবেক নেতার প্ররোচনায় ব্রিটেনের চারজন ইসলামপন্থী জঙ্গি ২০১০ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। গতকাল বুধবার স্থানীয় এক আদালতে তাঁরা ওই ষড়যন্ত্রের কথা স্বীকার করেন।লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টে এ ঘটনায় দায়ের করা মামলার এক শুনানিতে ওই চার জঙ্গি জানান, তাঁরা একটি চরমপন্থী দলের সঙ্গে সংশ্লিষ্ট। ২০১০ সালের বড়দিনের উৎসবকালে চিঠিবোমার সাহায্যে হামলা চালানোর পরিকল্পনা করেন। আর এ হামলার মধ্য দিয়ে ভয়াবহ মুম্বাই হামলার স্টাইলেই আরেকটি ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়েও তাঁরা আলোচনা করেন।চারজনের মধ্যে মোহাম্মদ চৌধুরী (২১) ও শাহ রহমান (২৮) লন্ডনের বাসিন্দা। তাঁরা জানান, লন্ডন স্টক এক্সচেঞ্জের টয়লেটে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি জাতীয় বিস্ফোরক পুঁতে এর বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করা হয়েছিল। বাকি দুজন গুরুকান্ত দেশাই (৩০) ও আবদুল মিয়া (২৫) ওয়েলসের কার্ডিফের বাসিন্দা। তাঁরাও একই পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদিকে, এ জঙ্গিদের গ্রেপ্তারের সময় হামলার লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে এমন হাতে লেখা একটি তালিকা জব্দ করেছে পুলিশ। এতে লন্ডনের মেয়র, দুজন ইহুদি ধর্মযাজক ও যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন দূতাবাসসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর কথা অন্তর্ভুক্ত আছে। আদালতের শুনানিকালে কৌঁসুলিরা বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আল-কায়েদার সদস্য না হলেও তাঁরা এ সন্ত্রাসী নেটওয়ার্কটি বিশেষত, এর সন্দেহভাজন ইয়েমেনি নেতা আনওয়ার আল-আওলাকির মাধ্যমে এ কাজে উৎসাহিত হয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন হামলায় আওলাকি নিহত হন। এএফপি।