লন্ডনে হামলায় বাংলাদেশি নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডনে মসজিদের কাছে লোকজনের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নাগরিকেরা।
যুক্তরাজ্যের লন্ডনে মসজিদের কাছে লোকজনের ওপর ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন নাগরিকেরা।

মাত্র দুই সপ্তাহের মাথায় আবারও সন্ত্রাসী হামলা হলো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। উত্তর লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলা হয়। এবার আক্রান্ত হলেন মুসলমানরা। রোববার রাত ১২টার পর তারাবি নামাজ শেষে মুসল্লিরা যখন ঘরে ফিরছিলেন, তখন তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে এই হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং ১০ জন আহত হন। আশপাশের মানুষ ৪৮ বছর বয়সী এক হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নিহত ব্যক্তি একজন প্রবাসী বাংলাদেশি বলে জানা গেছে। তবে তাঁর নাম-পরিচয় এখনো প্রকাশিত হয়নি। পুলিশের তরফ থেকে হামলাকারী বা নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বিবিসিকে বলেছেন, হামলাকারী বলছিলেন যে তিনি সব মুসলমানকে হত্যা করতে চান।

গত তিন মাসে এটি যুক্তরাজ্যে চতুর্থ সন্ত্রাসী হামলার ঘটনা। ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টর সামনে সন্ত্রাসী হামলায় নিহত হয় এক পুলিশ সদস্যসহ পাঁচজন। ২২ মে ম্যানচেস্টারের একটি সংগীত অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ২২ জন। ৪ জুন লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় আটজন নিহত হয়। ব্রিটিশ পার্লামেন্টের বাইরে ও লন্ডন ব্রিজের ঘটনার মতো এবারও ভাড়া করা গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছে।

উত্তর লন্ডনের ইজলিংটন এলাকায় অবস্থিত ফিন্সব্যারি পার্ক মসজিদ। তার সামনের ‘সেভেন সিস্টার রোড’ ধরে একটু এগোলেই ‘মুসলিম ওয়েলফেয়ার হাউস’। রাত ১২টার কিছু পর মুসলিম ওয়েলফেয়ার হাউসের বিপরীত পাশে ঘটে এই সন্ত্রাসী হামলা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, নামাজ শেষে বাসায় ফেরার পথে বয়স্ক এক ব্যক্তি রাস্তায় পড়ে যান। অন্য কয়েকজন মুসল্লি তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার উল্টা পাশ থেকে একটি গাড়ি হঠাৎ বাঁয়ে মোড় নিয়ে তাদের ওপর উঠে যায়। এ সময় ওই রাস্তা ধরে অনেকেই মসজিদ থেকে বাসায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী খালিদ আমিন বিবিসিকে বলেন, হামলাকারী বলছিলেন তিনি সব মুসলমানকে হত্যা করতে চান। তাঁরা কয়েকজন গাড়িটি উল্টিয়ে ভেতর থেকে একজনকে উদ্ধার করেন। তাঁরা হামলাকারীকে আটক করেন। ফিন্সব্যারি পার্ক মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মসজিদের ইমাম গিয়ে হামলাকারীকে গণধোলাই থেকে রক্ষা করেন। প্রায় ২০ মিনিট পর পুলিশ এলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় হামলাকারী বলছিল, ‘আমি আমার কাজ করে ফেলেছি।’

লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নিল বসু এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। নিহত ব্যক্তি অসুস্থ অবস্থায় হামলার আগে মারা গেছেন, নাকি হামলায় আঘাত প্রাপ্ত হয়ে মারা গেছেন সেটি নিয়েও তদন্ত হবে। মুসল্লিরা যাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন, তিনিই ওই নিহত ব্যক্তি। হামলাকারীকে ধরিয়ে দেওয়ায় তিনি স্থানীয় বাসিন্দাদের সাহসের প্রশংসা করেন তিনি। হামলায় ব্যবহৃত গাড়িটি ওয়েলসের ‘পন্টিক্ল্যান ভ্যান হায়ার’ কোম্পানির।

প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনাকে ‘ভয়ংকর’ বলে আখ্যায়িত করেন। তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটির কোবরা বৈঠক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড জানান, পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। আর স্থানীয় এমপি বিরোধী দল লেবার নেতা জেরেমি করবিন এই ঘটনায় হতভম্ব বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। লন্ডন মেয়র সাদিক খান সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্য সন্ত্রাসী ঘটনাগুলোর মতোই এটি আমাদের মূল্যবোধ- ব্যক্তিস্বাধীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর আঘাত।

যুক্তরাজ্যে মসজিদ ও ইসলামিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এক বিবৃতিতে এই ঘটনাকে ‘ইসলাম বিদ্বেষী আচরণের সংঘাতপূর্ণ বিস্তার’ বলে আখ্যা দিয়েছে। মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছে তারা। স্থানীয় ইহুদিদের সংগঠন ‘দ্য জুইশ কমিউনিটি কাউন্সিল অব নর্থ লন্ডন’ এটিকে বর্বর হামলার ঘটনা বলে নিন্দা জানিয়েছে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ফিন্সব্যারি পার্ক মসজিদটি যুক্তরাজ্যে বেশ পরিচিত। উগ্রবাদ ছড়ানোর দায়ে এই মসজিদের সাবেক ইমাম আবু হামজাকে ২০০৩ সালে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ২০০৫ সালে নতুন ব্যবস্থাপনায় তা আবার চালু হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৫ সালে আবু হামজাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয় যুক্তরাজ্য।