লন্ডনে অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে আহত ৭৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের বিখ্যাত অ্যাপোলো থিয়েটার হল। দুর্ঘটনার আগের চিত্র এটি। ছবি : রয়টার্স।
লন্ডনের বিখ্যাত অ্যাপোলো থিয়েটার হল। দুর্ঘটনার আগের চিত্র এটি। ছবি : রয়টার্স।

লন্ডনের বিখ্যাত অ্যাপোলো থিয়েটার হলের ছাদের কিছু অংশ গতকাল বৃহস্পতিবার ধসে পড়ে ৭৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত আটটা ১৫ মিনিটে ছাদ ধসের ঘটনা ঘটে। এ সময় হলটিতে একটি নাটক মঞ্চায়িত হচ্ছিল। তাই থিয়েটার হলটি দর্শকে পূর্ণ ছিল। ৭২০ জন দর্শক নাটকটি উপভোগ করছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ধসের আগে হলটিতে ফাটলের শব্দ শোনা গেছে। এর পর পরই ছাদের একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ও উদ্ধারকারী দলের শতাধিক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত লোকজনকে দ্রুত উদ্ধার করে লন্ডনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অনেকে প্রাথমিক চিকিত্সা নিয়ে ফিরে যান।

হতাহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি : রয়টার্স।
হতাহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি : রয়টার্স।


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, ‘অ্যাপোলো থিয়েটারের সর্বশেষ নিয়মিত খবর আমার কাছে রয়েছে। জরুরি উদ্ধারকারী দলের তাত্ক্ষণিক তত্পরতায় আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
অ্যাপোলো থিয়েটার ১৯০১ সালে নির্মাণ করা হয়। এর আসন সংখ্যা ৭৭৫টি। ২০০৫ সাল থেকে নিম্যাক্স থিয়েটার এর মালিকানা পায়। তখন থেকে তারা এ থিয়েটারটি পরিচালনা করছে।