লন্ডনে আ. লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ
লন্ডনে বাংলাদেশ বিষয়ে আয়োজিত এক সেমিনারে পাল্টাপাল্টি অভিযোগ করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। বিএনপির অভিযোগ, খুন, গুম, হত্যা ও গ্রেপ্তারের মাধ্যমে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের পথে এগোচ্ছে। আওয়ামী লীগ নিজেদের অবস্থানে অনড় থেকে বলেছে, বর্তমান সরকার সফলভাবে জঙ্গিবাদ ও মৌলবাদ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
গতকাল বুধবার ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক সর্বদলীয় কমিটি ‘বাংলাদেশ: স্বাধীনতার ৪৩ বছর, উন্নতি, মানবাধিকার ও সেক্যুলারিজমের হুমকি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক কমিটির ভাইস চেয়ার লর্ড এভবেরি বলেন, আগের সেমিনারে দলগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও মানবাধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। এর পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে, তবে সাজাপ্রাপ্তদের আপিলের অধিকারে তিনি স্বস্তি প্রকাশ করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফায়েজ অভিযোগ করেন, গণমাধ্যমের সম্পাদকদের রাষ্ট্রীয় বাহিনী থেকে হুমকি দেওয়া হচ্ছে। টক শোতে কারা যেতে পারবেন, সে বিষয়টিও সরকার ঠিক করে দিচ্ছে। নিখোঁজ ও গুমের ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা ভুক্তভোগীদের এমন অভিযোগকে সত্য প্রমাণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে (সিপিএ) বাংলাদেশের প্রতিনিধিত্ব ৫ জানুয়ারির নির্বাচনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে এবং ভোটারদের হুমকি না দিলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো বলে তিনি মন্তব্য করেন।
জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সমাবেশে এইচ টি ইমামের দেওয়া বক্তব্যই প্রমাণ করে ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি।
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, সমাজকল্যাণবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং সাংসদ তারানা হালিম সরকারের বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তুলে ধরে বলেন, একটি ধর্মনিরপেক্ষ দেশ গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাঁরা উগ্রবাদ, মৌলবাদ ও সংখ্যালঘুদের ওপর হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।
পরে এইচ টি ইমাম তাঁর বিরুদ্ধে বিএনপির নেতাদের করা অভিযোগ খণ্ডন করেননি। তবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল উল্লেখ করে তিনি ভবিষ্যতে এ ধরনের সেমিনারে তাঁদের আমন্ত্রণ করার দাবি জানান।
বাংলাদেশে ৫ জানুয়ারির নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরেন মানবাধিকার কর্মী পুষ্পিতা ঘোষ। সেমিনারের সমন্বয় করেন লর্ড এভবেরির মুখপাত্র সুজিত সেন।