লন্ডনে ইডিএলের বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ৬০
পূর্ব লন্ডনে যুক্তরাজ্যের উগ্রপন্থী সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মিছিল-সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভেঙে ইডিএলের হাজার খানেক সদস্য ওই বিক্ষোভ করে।পুলিশ বলেছে, বিক্ষোভের সময় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিশৃঙ্খলায় জড়িত সন্দেহে পরে একটি বাস থেকে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।ইডিএল বলছে, যুক্তরাজ্যে মুসলিম উগ্রপন্থার বিরুদ্ধেই তাদের এ প্রতিবাদ।ইডিএলের এক হাজারের মতো সমর্থক অল্ডগেট টিউব স্টেশনের কাছে সমবেত হয়। তাদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভের জন্য প্রায় দেড় হাজার লোক জড়ো হয় কাছের হোয়াইটচ্যাপেল রোডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।ইডিএলের বিক্ষোভকারীরা পুলিশের দিকে নানা ধরনের বস্তু ছুড়ে মারে। একজন পুলিশ কর্মীর ওপরও হামলা করা হয়। এ ছাড়া মাতলামি ও বিশৃঙ্খলার দায়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য টাওয়ার ব্রিজের দিকে তাড়িয়ে নেয়।স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসহ কয়েকটি এলাকায় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ইডিএল এতে প্রতিবাদ জানিয়ে বলেছিল, এ নিষেধাজ্ঞা একটি ভুল বার্তা দেবে এবং তারা একটি মৌন মিছিল করবেই।ইডিএলের প্রতিষ্ঠাতা স্টিফেন ‘টমি’ লেনন জামিনের শর্ত ভেঙে বিক্ষোভে যোগ দেন। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। বিবিসি।