লন্ডনে ওবামা-মিশেল রানির সঙ্গে সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা তিন দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছেছেন। গতকাল তাঁরা ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন।আইসল্যান্ডে আগ্নেয়গিরির উদিগরণে ধোঁয়া ও ছাই লন্ডনের দিকে ধেয়ে আসতে শুরু করায় ওবামার যুক্তরাজ্য সফর এক দিন এগিয়ে আনা হয়। আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে ওবামা দম্পতি সোমবার রাতে যুক্তরাজ্যে পৌঁছান। এ দিন রাতে তাঁরা লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কাটান। বাকি তিন দিন তাঁরা বাকিংহাম প্রাসাদে অবস্থান করবেন।বাকিংহাম প্রাসাদে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে কাল মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার মধ্য দিয়ে ওবামা দম্পতির ব্রিটেন সফর শুরু হয়েছে। এর আগে রানি তাঁদের প্রাসাদের বিখ্যাত ছবি গ্যালারি ঘুরিয়ে দেখান। এ সময় প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গেও বৈঠক করেন ওবামা।এ ছাড়া ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ ক্যাথেরিন (কেট মিডল টন) গতকাল বাকিংহাম প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ওবামা দম্পতির সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরের আগে মাত্র ১০ মিনিটের এই সাক্ষাতে তাঁরা কী নিয়ে আলোচনা করেছেন, তা জানা যায়নি।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বুধবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ সময় তাঁরা দুই দেশের মধ্যকার ‘গুরুত্বপূর্ণ সম্পর্ক’ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।এই দুই নেতা গতকাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে থাকলে আমাদের জনগণসহ সারা বিশ্বের মানুষ নিরাপদ থাকবে।’ এএফপি।