লন্ডনে গাড়ির ধাক্কায় কয়েকজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের কাছে একটি গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। সাউথ কেনসিংটনের এক্সিবিশন রোডে আজ শনিবার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে। খবর বিবিসির।

ঘটনাস্থলে থাকা বিবিসির এক সাংবাদিককে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের আঘাত গুরুতর নয়। এটা নিছক দুর্ঘটনা নাকি হামলা, সে ব্যাপারে পুলিশ কোনো ইঙ্গিত দেয়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ‘ঘটনাটি নজরে রেখেছেন’।

যুক্তরাজ্য বর্তমানে সন্ত্রাসী হামলার ‘চরম’ ঝুঁকিতে রয়েছে।

বিবিসির সাংবাদিক ক্লোয়ি হেয়ওয়ার্ড ওই জাদুঘরটি যখন ত্যাগ করছিলেন, তখন ঘটনাটি ঘটে। তিনি বলেন, তিনি ‘সড়কে এলোমেলোভাবে’ একটি গাড়িকে আসতে দেখেন। পরে তিনি মানুষের জটলা দেখতে পান। পরে দেখেন কয়েক মিনিটের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয়েছে।

হেয়ওয়ার্ড বলেন, ‘পুলিশের অনেক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন, উপরে উড়ছিল হেলিকপ্টারগুলো এবং আমি একটি অ্যাম্বুলেন্স দেখতে পাই। আহত ব্যক্তিদের আঘাত কতটা গুরুতর, তা আমার কাছে পরিষ্কার নয়।’