লন্ডনে ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনের রাসেল স্কয়ারে গত বুধবার রাতে ছুরিকাঘাতে এক নারী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল রাসেল স্কয়ারের কাছাকাছি পর্যটকদের হোটেল এবং ব্রিটিশ মিউজিয়ামের মতো গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা রয়েছে। এ হামলার খবর জানিয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স কর্মীদের ডাকা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, হামলাকারীর ‘মানসিক স্বাস্থ্যই’ এ ঘটনার উল্লেখযোগ্য কারণ বলে তারা এখনো মনে করছে। লন্ডন পুলিশের সন্ত্রাসবিরোধী বিভাগের প্রধান মার্ক রাউলি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ভয়াবহ হামলার কারণ মানসিক স্বাস্থ্য। তবে আমরা হত্যার নেপথ্যের কারণ হিসেবে সম্ভাব্য সবকিছুই বিবেচনা করছি।’ ঘটনাস্থলে গিয়ে আহত ছয়জনকে পায় পুলিশ। কিছুক্ষণ পর আহত এক নারীকে মৃত ঘোষণা করা হয়। নিহত নারীর বয়স ৬০-এর কাছাকাছি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই হামলাকারীকে ধরা হয়। পরে তাকে একটি হাসপাতালে নেওয়ার পর দক্ষিণ লন্ডনের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

ইউরোপের একাধিক দেশে সাম্প্রতিক সময়ে একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার পর লন্ডনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নগরে। লন্ডনের মেয়র সাদিক খান এ ঘটনার পর সবাইকে শান্ত ও সজাগ থাকতে বলেছেন।

বুধবারের রাতের ঘটনার কিছু আগে পুলিশ ঘোষণা করে, অতিরিক্ত ৬০০ পুলিশের একটি দলকে প্রশিক্ষণ দিয়ে তাদের মাঠে নামানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। গত বছরের প্যারিস হামলার পর লন্ডনে থাকা ২ হাজার ২০০ পুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।