লন্ডনের টটেনহামে গত শনিবার রাতে পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়েছে। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও ভবনে আগুন দিয়েছে। এ সময় স্থানীয় দোকানপাট, বিপণিবিতান, ব্যাংকসহ বিভিন্ন ভবনে ব্যাপক লুটপাট চালানো হয়। সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৬ জন আহত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে।গত শনিবার সন্ধ্যার দিকে এই সংঘর্ষ শুরু হয়। কর্তৃপক্ষ গতকাল রোববার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে ট্যাক্সির যাত্রী মার্ক ডুগান নিহত হন। এর প্রতিবাদ জানাতেই গতকাল বিক্ষুব্ধ জনতা টটেনহাম পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল। একপর্যায়ে ওই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।বিবিসির খবরে বলা হয়, অন্তত ৩০০ জনতা ডুগানের নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পুলিশ স্টেশনের বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশকে লক্ষ্য করে বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারা হয়। লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, জনতা-পুলিশের সংঘর্ষে অন্তত ২৬ জন আহত হয়। তাদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিন্ন একটি সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের একজনের মাথায় গুরুতর জখম হয়েছে।স্থানীয় একজন জানান, সংঘর্ষের সময় ব্যাপক লুটতরাজ চলে। অনেককেই ওই এলাকার দোকানপাট ও বিপণিবিতানের ট্রলিতে করে মালপত্র নিয়ে যেতে দেখা যায়। রোববার ভোর পর্যন্ত এ লুটপাট চলে।সংঘর্ষের সময় হাই রোড ও ব্রুক স্ট্রিটের সংযোগস্থলে একটি দোতলা বাস জ্বালিয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় হাই রোডের একটি দোকানে। পুলিশের মোট তিনটি টহল গাড়িতে আগুন দেওয়া হয়েছে।স্কটল্যান্ড ইয়ার্ডের এক বিবৃতিতে জানানো হয়, পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগেই পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোতলসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারে বিক্ষুব্ধ জনতা।লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টিফেন ওয়াটসন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যত দ্রুত সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।প্রতিবাদে অংশ নেওয়া ৫৩ বছর বয়সী নিকি বলেন, ডুগানের পরিবারের প্রতি ন্যায়বিচারের দাবিতেই এই প্রতিবাদে অংশ নেন তিনি। ভেনেসা রবিনসন নামের একজন বলেন, প্রতিবাদে অংশ নিয়ে তিনি পুলিশ স্টেশনের বাইরে অবস্থান করছিলেন। শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি চলছিল। কিন্তু হঠাৎ ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী টিম নামের এক ব্যক্তি বলেন, ‘সংঘর্ষের সময় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আমি মুখমণ্ডল ঢাকা পাঁচজন যুবককে পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারতে দেখেছি।’ইনডিপেনডেন্ট পুলিশ কমপ্লেইন্টস কমিশনের (আইপিসিসি) কমিশনার রাচেল সারফন্টেইন এক বিবৃতিতে বলেন, ‘আমি বুঝতে পেরেছি, মার্ক ডুগানের শুভাকাঙ্ক্ষীরা তাঁর নিহত হওয়ার প্রকৃত ঘটনা জানতে চান। আমরা এখনো তথ্য-প্রমাণ সংগ্রহ করছি। যত দ্রুত সম্ভব এ ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে।’স্থানীয় এমপি ডেভিড ল্যামি বলেন, ‘মার্ক ডুগান নিহত হওয়ায় আমরা শোকাহত। আরও সহিংসতা ওই শোক কমাবে না। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর ন্যায়বিচার কাম্য।’লন্ডনের মেয়র বরিস জনসনের একজন মুখপাত্র বলেন, ‘সহিংসতা ও ধ্বংসযজ্ঞ মার্ক ডুগানের নিহত হওয়ার ঘটনা তদন্তে ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না। আমরা সংশ্লিষ্ট সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।’১৯৮৫ সালের পর এটাই লন্ডনে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। ওই সময় পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালাতে গেলে এক নারী হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। ওই ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়ে। বিবিসি, এপি, এএফপি, দি ইনডিপেনডেন্ট।