লন্ডনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কারি আওয়ার্ডস
যুক্তরাজ্যের লন্ডনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়েছে কারিশিল্পের অস্কারখ্যাত ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’-এর দশম আয়োজন। গতকাল সোমবার সেন্ট্রাল লন্ডনের বেটারসি পার্ক ব্যঙ্কুয়েটিং হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের সেরা রেস্টুরেন্টগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে, ন্যায়বিচারমন্ত্রী ক্রিস গ্রেইলিং, শিক্ষামন্ত্রী নিকি মর্গান, ভারতীয় ব্যবসায়ী বিজয় মালিয়াসহ ব্রিটিশ মূলধারার ব্যবসায়ী ও রাজনীতিবিদরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা এনাম আলী এম বি ই বলেন, খাবার তৈরির প্রক্রিয়া ও পরিবেশনের ঢঙের কারণে বাংলাদেশি খাবারগুলো ব্রিটিশ কারি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা ব্রিটিশ সংস্কৃতির অংশ। তিনি যুক্তরাজ্যে অভিবাসননীতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মের উদ্দেশে বলেন, অভিবাসীরা না থাকলে প্রায় চার বিলিয়ন মূল্যের এই কারিশিল্প থাকবে না। তবে আইনের কড়াকড়ির কারণে এ শিল্পের জন্য দক্ষ লোকবল আনা যাচ্ছে না।
এনাম আলী বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসাপ্রক্রিয়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, এ সিদ্ধান্তের কারণে বাংলাদেশিরা বিশেষ করে ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি ভিসা প্রক্রিয়া ঢাকায় ফিরিয়ে নেওয়ার দাবি জানান।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে বলেন, তাঁর সরকারের অভিবাসননীতির মূল্য লক্ষ্য হওলা মেধাবী ও দক্ষ কর্মীদের জন্য ব্রিটেনের দ্বার খোলা রাখা। বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসাপ্রক্রিয়া নয়াদিল্লিতে হস্তান্তরের পরও ৯০ শতাংশ ভিসার সিদ্ধান্ত ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রধানমন্ত্রীর ডেভিড ক্যামেরনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে থেরেসা মে বলেন, কারিশিল্পকে রক্ষা ও এর প্রসারে তাঁর সরকার সহায়তা অব্যাহত রাখবে।
ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস যুক্তরাজ্যে বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত সবচেয়ে বড় অনুষ্ঠান। যুক্তরাজ্যে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টগুলো প্রতিদিন লাখ লাখ মানুষের রসনাবিলাসের পাশাপাশি কর্মসংস্থান তৈরি ও অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও মূলধারার কাছে ছিল অবহেলিত। বাংলাদেশি বংশোদ্ভূত এনাম আলী এম বি ই ২০০৫ সালে ‘ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস’ চালুর মাধ্যমে বাংলাদেশি খাবারকে ব্রিটিশ সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর মেয়ে জাস্টিন আলীর তত্ত্বাবধানে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান নতুন মাত্রা পেয়েছে।