লন্ডনে পাতাল রেলে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে পাতাল রেলে আজ বুধবার ২৪ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে আজ এ কথা জানানো হয়।

বেতন বাড়ানোর দাবি ও আগামী সেপ্টেম্বর থেকে সাপ্তাহিক ছুটির দিনও সারা রাত পাতাল রেল চালু রাখার পরিকল্পনার প্রতিবাদে প্রায় ২০ হাজার কর্মী এই ধর্মঘট ডেকেছেন।

ধর্মঘটের কারণে পৃথিবীর প্রাচীনতম পাতাল রেল ব্যবস্থায় চূড়ান্ত বিপর্যয় দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে দুর্ভোগে পড়বেন পাতাল ট্রেনে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা হাজারো যাত্রী। স্টেশনে টানিয়ে দেওয়া হয়েছে, ‘টিউব সার্ভিস বন্ধ’।

ধর্মঘটে যাওয়া কর্মীদের অভিযোগ, তাঁদের চারটি আলাদা সংগঠন রয়েছে। এসব সংগঠনের নেতাদের কাছে তাঁরা নিজেদের দাবির বিষয়ে বারবার ধরনা দিলেও এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা দাবি আদায়ে ধর্মঘটে যাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, ২০০২ সালের পর পাতাল রেলের সেবায় এটিই সবচেয়ে বাজে পরিস্থিতি।

লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কর্মীদের দাবির ব্যাপারে কোনো কর্তৃপক্ষই সাড়া দেয়নি। শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে গেছে।

সংগঠনের নেতারা এই পরিস্থিতির জন্য লন্ডন পাতাল পরিবহন ব্যবস্থাপনাকে দায়ী করছে। এসলেফ ইউনিয়নের টিউব সংগঠক ফেন ব্রেনান বলেন, এই ধর্মঘটের দায় লন্ডন আন্ডারগ্রাউন্ড কর্তৃপক্ষের।