লন্ডনে পুঁজিবাদবিরোধীদের সঙ্গে পুলিশের হাতাহাতি
যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থল ও বাকিংহাম প্যালেসের বাইরে গতকাল বুধবার হাজারো বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। পুঁজিবাদবিরোধী একদল লোক পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘মিলিয়ন মাস্ক মার্চ’ শীর্ষক বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে। পুঁজিবাদের বিরুদ্ধে বিপ্লবের ডাক দিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, অ্যানোনিমাস নামে পুঁজিবাদবিরোধী একটি সংগঠন বিশ্বের কয়েকটি শহরে বিপ্লবের ডাক দেয়। এরই অংশ হিসেবে লন্ডনে হাজারো বিক্ষোভকারী বাকিংহাম প্যালেস ও মধ্য লন্ডনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের অনেকের মুখে সাদা মুখোশ ছিল। এ সময় তারা ‘একমাত্র সমাধান বিপ্লব’ বলে স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা সড়কে পুলিশের দেওয়া ধাতব ব্যারিকেড টেনে খুলে ফেলে এবং পুলিশকে লক্ষ্য করে বোতল, সড়কে বিভাজন সৃষ্টিকারী মোচাকার বস্তু ছুড়ে মারে। আন্দোলনকারীরা জাতীয় সম্প্রচার কেন্দ্র বিবিসির ভবনেও হামলা চালানোর চেষ্টা চালায়। পুলিশি বাধায় তাদের সে চেষ্টা পণ্ড হয়ে যায়। লন্ডনের কেন্দ্রস্থলে মিছিল করার সময় বিক্ষোভকারীরা বেশ কিছু গাড়ির কাচ ভাঙচুর করে ও আবর্জনা ফেলার ঝুড়ি তুলে সড়কে ফেলে দেয়। এ সময় বিক্ষোভকারীদের হামলার ভয়ে ওই এলাকার বিপণিকেন্দ্রের দোকানিরা নিজ নিজ দোকানের দরজা বন্ধ করে দেন।
পরে আতশবাজির অপব্যবহার ও পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।