লন্ডনে ফের ধর্মঘটে যাচ্ছেন পাতালরেল কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী সপ্তাহে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন লন্ডনের পাতালরেলের কর্মীরা। ছবি: এএফপি
আগামী সপ্তাহে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন লন্ডনের পাতালরেলের কর্মীরা। ছবি: এএফপি

আগামী সপ্তাহে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন লন্ডনের পাতালরেলের কর্মীরা। পাতালরেলের টিকিট বিক্রির কাউন্টার বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়েছে।
৮০ হাজার সদস্যের শক্তিশালী রেল, সমুদ্র ও পরিবহন (আরএমটি) ইউনিয়ন ঘোষণা দিয়েছে, ১৪ অক্টোবর সন্ধ্যা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট চলবে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, টিকিট বিক্রির কাউন্টার বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিবছর পাঁচ কোটি পাউন্ড ব্যয় হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের পরিবহন সংস্থা। ২০২০ সালের মধ্যে ৪০০ কোটি ২০ লাখ পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে গত ফেব্রুয়ারিতে আন্দোলনে নামেন পাতালরেলের কর্মীরা। এরই মধ্যে দুবার ধর্মঘট পালন করা হয়েছে।
আরএমটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সরকারের সঙ্গে বহু আলোচনা হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তবে কিছুতেই নিজেদের দাবি থেকে সরে আসবে না আরএমটি।
লন্ডনের পাতালরেল বিশ্বের প্রাচীনতম পাতালরেল। এই পাতালরেলে প্রতিদিন প্রায় ৩০ লাখ লোক যাতায়াত করে।