শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৮ ভুক্ত নেতাদের শীর্ষ সম্মেলন ১৬ ও ১৭ জুন উত্তর আয়ারল্যান্ডের অবকাশযাপন কেন্দ্র লাফ আর্নে অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সামনে রেখে লন্ডনে পুঁজিবাদবিরোধী বিক্ষোভের ব্যাপক প্রস্তুতি চলছে। আজ শুক্রবার মধ্য ইংল্যান্ডের ডার্বি শহরে বিশ্ব ক্ষুধা সম্মেলন করা হবে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন শহরে পুঁজিবাদবিরোধী নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কাল শনিবার লন্ডনের হাইড পার্কে পালন করা হবে বড় ধরনের কর্মসূচি। সম্মেলন স্থান লাফ আর্নে বড় ধরনের জনসমাবেশের আয়োজন করা প্রায় অসম্ভব। তাই পুঁজিবাদবিরোধী আন্দোলনকারীরা লন্ডনকে বেছে নিয়েছেন। পশ্চিমা দেশগুলোর কৃচ্ছ্র বা সরকারি খাতে ব্যয়সংকোচন নীতির বিরোধিতাকারী গোষ্ঠীগুলোর মধ্যে অনেকেই ইতিমধ্যে লন্ডনের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রাণকেন্দ্রে বিক্ষোভের ডাক দিয়েছে। গোষ্ঠীগুলোর ভাষায়, বিশ্ব পুঁজিবাদের প্রাণকেন্দ্র হচ্ছে লন্ডন। এ কারণেই বৈশ্বিক মন্দার জন্য দায়ী এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করা হবে। সবার জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সমাজের নতুন প্রচারাভিযান ‘যদি’ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লন্ডনসহ বিশ্বের নানা প্রান্তে চলছে সভা-সমাবেশ ও গানের আসর। জি-৮ শীর্ষ সম্মেলনের আগে বিশ্বনেতাদের ওপর চাপ সৃষ্টি করাই এসব কর্মসূচির উদ্দেশ্য। এদের দাবি, বিশ্বনেতারা যদি চারটি কাজ করেন, তাহলেই বিশ্বকে ক্ষুধামুক্ত করা সম্ভব। অক্সফামসহ প্রায় ২০০টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) ও ধর্মীয় সংগঠনের একটি জোট এসব কর্মসূচি হাতে নিয়েছে। প্রস্তাবিত চারটি ‘যদি’: যদি কৃষকদের জমি থেকে উত্খাত করা বন্ধ হয় এবং তাঁদের জ্বালানি উত্পাদনে বাধ্য না করে খাদ্যশস্য ফলাতে দেওয়া হয়, যদি দরিদ্র দেশগুলোতে বৃহত্ কোম্পানিগুলোকে কর ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া সরকার বন্ধ করে, যেসব কারণে লোকজন পর্যাপ্ত খাদ্য পাওয়া থেকে বঞ্চিত হয়—সেগুলো বন্ধ করতে, যদি সরকার ও কোম্পানিগুলো সততার সঙ্গে কাজ করে এবং যদি কোনো শিশু খাদ্যের অভাবে মারা না যায়, সে জন্য এবং দরিদ্রতম পরিবারগুলো যাতে নিজেদের খাদ্যের সংস্থান করতে পারে, সে জন্য আমরা তাদের সাহায্য করি।