লন্ডনে ভারতীয় জেনারেলকে ‘হত্যার চেষ্টা’
ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কুলদীপ সিং ব্রা যুক্তরাজ্যের লন্ডনে ছুরিকাহত হয়েছেন। তিনি তাঁর ওপর চালানো এ হামলাকে ‘হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করেছেন। গত রোববার ছুরিকাহত হওয়া এই জেনারেল বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।জেনারেল ব্রা হাসপাতালে এক রাত কাটানোর পর গত সোমবার ছাড়া পান। তিনি সাংবাদিকদের বলেন, তাঁকে স্পষ্টতই হত্যার চেষ্টা করা হয়েছিল। কালো পোশাকে দাড়িওয়ালা চার ব্যক্তি ওই হামলা চালায়। তাঁর ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেন, তাঁকে হত্যা করা হবে বলে আগে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে।পুলিশ জানায়, জেনারেল ব্রার ওপর হামলার ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।ব্রার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে শিখ জঙ্গিদের বিরুদ্ধে ১৯৮৪ সালে ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ কারণে তাঁর প্রতি কট্টরপন্থী শিখরা এখনো ক্ষুব্ধ বলে ধারণা করা হয়। তবে রোববারের হামলায় শিখদের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। শিখদের পবিত্র শহর অমৃতসরে ওই অভিযানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর শিখ জঙ্গিরা স্বাধীন মাতৃভূমি খালিস্তান প্রতিষ্ঠার দাবি তুলেছিল। বিবিসি।