লন্ডনে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানে জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে লন্ডনের পুলিশ। এ ঘটনায় পশ্চিম লন্ডন ও বাকিংহামশায়ার থেকে গত বৃহস্পতি ও শুক্রবার আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ ৯ নভেম্বরের ওই অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অংশ নেওয়ার কথা। খবর বিবিসির। 
রানির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনীসহ দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিভিন্ন সূত্র উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যমগুলো গত শুক্রবার এ খবর প্রকাশ করেছে। তবে সন্ত্রাসী হামলার পরিকল্পনাটি যে রয়্যাল আলবার্ট হলের ওই অনুষ্ঠানকে ঘিরেই করা হয়েছিল, স্কটল্যান্ড ইয়ার্ড তা নিশ্চিত করেনি। সন্ত্রাসীদের বয়স ১৯-২৭ বছর।
সংবাদমাধ্যমগুলো জানায়, রাজপরিবার ও অনুষ্ঠানে আসা অতিথিদের উপস্থিতিতেই এ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
জঙ্গি হামলার পরিকল্পনার বিষয়টি রানি ও প্রধানমন্ত্রীকে জানানো হলেও তাঁরা অনুষ্ঠানে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। অনুষ্ঠানে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করার পর প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন রানি।