লন্ডনে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন লন্ডন অলিম্পিক গেমসের ভেন্যুর কাছ থেকে সন্দেহভাজন এক আল-কায়েদা জঙ্গিকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। ওই ভেন্যুর ওপর দিয়ে চলাচলকারী একটি ট্রেনে করে দিনে পাঁচবার যাওয়া-আসা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ডেইলি মেইল পত্রিকা জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মূলত সোমালিয়ার নাগরিক এবং তিনি শুধু সিএফ নামেই পরিচিত। গত এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএফকে অলিম্পিক পার্ক এলাকায় নিষিদ্ধ ঘোষণা করে। পুলিশের ধারণা, সিএফের সঙ্গে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে। এরই মধ্যে তিনি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হয়ে যুদ্ধও করেছেন। এ ছাড়া সন্ত্রাসী প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি বেশ কয়েকবার আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করেছেন। ধারণা করা হচ্ছে, সাবেক আল-কায়েদা নেতা সালেহ নাবহানের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া ছয় ব্রিটিশ নাগরিকের সঙ্গে সিএফের যোগাযোগ ছিল। ২০০৯ সালে মার্কিন নৌবাহিনীর এক অভিযানে সালেহ নিহত হন। ব্রিটিশ কর্তৃপক্ষের ধারণা, সিএফ নিজেকে আত্মঘাতী হামলার জন্য ব্যবহার করতে পারেন এবং এ জন্য তিনি কিছু ব্রিটিশ নাগরিককে তাঁর দলে ভেড়ানোর চেষ্টাও করেছেন। রয়টার্স।