লন্ডনে ধ্বংসাত্মক সন্ত্রাসী হামলা চালিয়ে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির অন্তর্বর্তীকালীন প্রধান সাইফ আল-আদেল। লাদেনের এক সময়কার নিরাপত্তা-প্রধান আল-আদেল এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চড়া মূল্য দিতে হবে বলে ঘোষণা দিয়েছেন। ডেইলি মেইল ও দ্য সান গতকাল রোববার এই তথ্য জানিয়েছে।আল-আদেলের এই হুমকির পর যুক্তরাজ্যজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরিকল্পনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।তালেবান মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেছেন, ‘আমাদের নতুন নেতা (আল-আদেল) লন্ডনের জন্য বড় ধরনের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন, ইউরোপের মেরুদণ্ড হচ্ছে যুক্তরাজ্য। তাই সবার আগে এই দেশটাকেই চূর্ণ করে দিতে হবে। পরে পশ্চিমা অন্যান্য দেশে হামলা চালানো হবে। লন্ডনকে বেছে নেওয়ার আরেকটি কারণ হলো, সেখানে আমাদের বড়সংখ্যক প্রতিনিধি আছেন।’লন্ডনে ২০০৫ সালের ৭ জুলাই চালানো বোমা হামলার (এই হামলায় ৫৬ জন মারা গিয়েছিল) প্রসঙ্গ টেনে এহসানউল্লাহ বলেন, ৭/৭ হামলার পুনরাবৃত্তি ঘটবে লন্ডনে। এই লক্ষ্যে এরই মধ্যে সেখানে একদল মুজাহিদ পাঠানো হয়েছে। তাঁরা হামলার নির্দেশের অপেক্ষায় আছেন। আল-আদেল তাঁর অনুসারীদের যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মতো বড় আকারের আন্তর্জাতিক হামলা সংগঠিত করারও নির্দেশ দিয়েছেন।আল-কায়েদার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সম্প্রতি আল-আদেলের একটি ছবি প্রকাশ করেছে। দ্য সান বলেছে, আল-আদেলের নতুন দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে তালেবান ও আল-কায়েদার নেতারা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বৈঠক করেছিলেন।লন্ডনে হামলার হুমকির পর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) বাহিনীকে এই প্রথম ট্রেন, রেলস্টেশন ও পাতালে অস্ত্র বহনের মতো ক্ষমতা দেওয়া হচ্ছে। বিটিপি সেক্রেটারি ফিলিপ হ্যামোন্ড আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার ঘোষণা দেবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের ১০০ জন কর্মকর্তাকে সশস্ত্র প্রশিক্ষণ দেবে। বর্তমানে বিটিপির দুই হাজার ৯০০ জন কর্মকর্তা রয়েছেন।যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন, মুম্বাই হামলার কায়দায় লন্ডনে হামলা চালানো হতে পারে। ২০০৮ সালের নভেম্বরে বন্দুকধারীরা মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল, প্রধান রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। এতে ১৬৬ জন মানুষ প্রাণ হারায়।যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইস্টার শপিংমলে বোমা হামলার পরিকল্পনার সঙ্গে লাদেনের সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আল-কায়েদার নতুন করে লন্ডনে হামলা চালানোর হুমকির খবর প্রকাশ করা হলো।অ্যাবোটাবাদে লাদেনের আস্তানা থেকে উদ্ধার করা নথিপত্র থেকে জানা গেছে, লাদেন নিজেই ম্যানচেস্টার হামলার পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনাসংক্রান্ত যাবতীয় নথিপত্র যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের কাছে হস্তান্তর করেছে।২০০৯ সালের এপ্রিলে ম্যানচেস্টারে ওই হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জন পাকিস্তানি, একজন ব্রিটিশসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পিটিআই অনলাইন।