লন্ডনে 'সংহতির' রজতজয়ন্তী উৎসব
যুক্তরাজ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার ২৫ বছর পূর্ণ করল ‘সংহতি সাহিত্য পরিষদ’। এই মাইলফলক উদ্যাপনে আজ শনিবার পূর্ব লন্ডনের টয়েনবি হলে রজতজয়ন্তী অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়।
আজ স্থানীয় সময় দুপুর ১২টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার থেকে রজতজয়ন্তী উৎসবের শুরু হয়। বেলুন ও কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এর পর সাহিত্যপ্রেমীরা র্যালি নিয়ে বাংলা টাউন প্রদক্ষিণ করে অনুষ্ঠানের মূল কেন্দ্রস্থল টয়েনবি হলে সমবেত হন।
সংহতি সাহিত্য পরিষদের এ রজতজয়ন্তী উৎসব উদ্যাপনে বাংলাদেশ থেকে এসেছেন কথাসাহিত্যিক ও নাট্যকার আনিসুল হক, কবি শোয়াইব জিবরান, বিশিষ্ট সংগীত শিল্পী বাদশা বুলবুল ও রানা শেখ। কলকাতা থেকে এসেছেন সানতুর শিল্পী কুনাল সাহা, আমেরিকা থেকে এসেছেন কবি জিয়াউদ্দিন এবং কানাডা থেকে এসেছেন মোহাম্মদ আবদুল হাসিব। এ ছাড়া বিলেতের মূলধারার কবি স্টিফেন ওয়াটস সেখানকার কবি, সাহিত্যিক ও শিল্পীরাও এ উৎসবে অংশগ্রহণ করছেন।
আজকে টয়েনবি হলের মূল অনুষ্ঠান আলোচনা, কবিতাপাঠ, আবৃত্তি ও গান ইত্যাদি দিয়ে সাজানো হয়। এ উৎসবে সংহতি সাহিত্য ও গুণীজন সম্মাননা পদক প্রদান করা হবে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংহতি সাহিত্য পরিষদের সভাপতি কবি ইকবাল হোসেন বুলবুল।
উল্লেখ্য ১৯৮৯ সালে বিলেতে সংহতি সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। বিলেতে বাংলা সাহিত্যের প্রসারে সংগঠনটি শুরু থেকেই আবৃত্তি, কবিতা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন দিবস পালনের মতো অনুষ্ঠানগুলো আয়োজন করে যাচ্ছে।