লন্ডনের আইএমএসওতে বাংলাদেশের জয়
আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে বাংলাদেশের ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশন থেকে পাঠানো ও হাইকমিশনের প্রথম সচিব মো. মনিরুল ইসলাম কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানিয়ার প্রার্থী ৩৭টি ভোট পান। এই নির্বাচনে বাংলাদেশসহ ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশের প্রার্থী মঈন ইউরোপের দেশগুলোর শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়ে নির্বাচনের প্রতিটি রাউন্ডে সর্বোচ্চ ভোট পান।
ক্যাপ্টেন মঈন আহমেদ ১৯৭৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে তিনি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) যোগ দেন। বর্তমানে তিনি আইএমওর মেরিটাইম সেফটি ডিভিশনের জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
আইএমএসও আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা প্রদান, গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস সেফটি সিস্টেম এবং লং রং আইডেন্টিফিকেশন অ্যান্ড ট্রেকিং সিস্টেম অব শিপসংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে। বর্তমানে এই সংস্থাটির সদস্য দেশ ৯৯টি।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংস্থা সিডও, কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন (সিপিএ), ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ), হিউম্যান রাইটস কাউন্সিল (এইচআরসি) এবং ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কাউন্সিলের (আইটিইউ) নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ।