লন্ডনের গর্ডন স্কয়ারে বসছে বিশ্বকবির আবক্ষ মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী সামনে রেখে তাঁর আবক্ষ মূর্তি বসছে লন্ডনের গর্ডন স্কয়ারে। টেগোর সেন্টার ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন চলছে। টেগোর সেন্টারের প্রধান কল্যাণ কুণ্ডু বলেন, গত বছরের গোড়ার দিকে বিশ্বকবির ১৫০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে এই মূর্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। আগামী বছরের ৬ মে এই মূর্তি উন্মোচন হওয়ার কথা। মূর্তি তৈরি করছেন ব্রিটিশ ভাস্কর শেন্ডা আমেরি। তিনি বলেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে লন্ডনের রাস্তায় এটিই হবে রবীন্দ্রনাথের প্রথম মূর্তি। যুক্তরাজ্যের প্রবাস জীবনে রবীন্দ্রনাথ লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন। এ জন্য বিশ্ববিদ্যালয় চত্বরই তাঁর মূর্তি বসানোর আদর্শ স্থান হবে বলে ঠিক করে টেগোর সেন্টার। রবীন্দ্র-গবেষক উইলিয়াম রাদিচের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেম ডেভিসের কাছে। দুই পক্ষের আলোচনার পর উবার্ন স্কয়ারে মূর্তি বসানোর জমি দিতে রাজি হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনও এতে সম্মতি দেয়। এরপর ডেভিসই টেগোর সেন্টারের কাছে প্রস্তাব পাঠান, উবার্ন স্কয়ারের বদলে বিশ্ববিদ্যালয় চত্বরে গর্ডন স্কয়ারে মূর্তি বসালে ভালো হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।