লন্ডনের চার গুণ আয়তনের বরফখণ্ড খসে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরফখণ্ড ভেঙে আলাদা হয়ে যাওয়ার এ দৃশ্য। ছবি: এএফপি
বরফখণ্ড ভেঙে আলাদা হয়ে যাওয়ার এ দৃশ্য। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রায় চার গুণের সমান আয়তনের বিশাল এক বরফখণ্ড অ্যান্টার্কটিকার বরফস্তর থেকে খসে পড়েছে। বিশাল এলাকাজুড়ে থাকা হিমবাহটি ধীরে ধীরে গলে যাচ্ছে ওয়েড্ডেল সাগরে। ওই বরফখণ্ড ভেঙে আলাদা হয়ে যাওয়ার দৃশ্য স্যাটেলাইটে ধারণ করা হয়েছে বলে ব্রিটিশ পত্রিকা দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়।

বিশাল আকারের এই বরফখণ্ড অ্যান্টার্কটিকার লার্সেন সি আইস শেলফ থেকে পৃথক হয়েছে। এর আয়তন প্রায় ৫ হাজার ৮০০ বর্গকিলোমিটার। ওই বরফখণ্ডের ওজন প্রায় এক ট্রিলিয়ন টন। এটি এযাবৎকালের সবচেয়ে বড় আকারের বরফখণ্ড ফাটলের ঘটনা বলে বলছেন বিজ্ঞানীরা।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা যায়, অ্যান্টার্কটিকার প্রধান বরফস্তর থেকে বিশাল আকারের ওই বরফখণ্ড পৃথক হয়ে যাচ্ছে। তবে সমুদ্রের স্রোত বা বাতাসের কারণে এটি গলে যেতে পারে।

অ্যান্টার্কটিকা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান প্রজেক্ট মাইডাসের ওয়েবসাইটে বিজ্ঞানীরা বলছেন, এক ট্রিলিয়ন ওজনের বিশাল আকারের একখণ্ড হিমবাহ ‘লার্সেন সি আইস শেলফ’ থেকে আলাদা হয়ে গেছে। গত সোমবার (১০ জুলাই) থেকে আজ বুধবারের (১২ জুলাই) মধ্যে ওই বরফখণ্ডে ফাটল ধরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ওই হিমবাহ ভেঙে পড়ছে কি না, এর প্রমাণ এখনো তাঁরা পাননি।

লিডস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ আন্না হগ বলেছেন, ‘সাম্প্রতিক কালে এটি একটি বড় ঘটনা। এই হিমবাহ ভেঙে পড়ায় সাগর পৃষ্ঠের তারতম্য হবে না।’ তিনি বলেন, আজ থেকে ১৭ বছর আগে, ২০০০ সালে এই হিমবাহের (যার নাম এ-৬৮) চেয়ে আকার, আয়তনে দ্বিগুণ আরও একটি হিমবাহ (বি-১৫) ভেঙে পড়েছিল অ্যান্টার্কটিকায়। বি-১৫ ভেঙে পড়েছিল অ্যান্টার্কটিকার রস আইস শেলফ থেকে। তবে অ্যান্টার্কটিকার ১০টি বৃহত্তম হিমবাহের অন্যতম একটি হিমবাহ আজ ভাঙতে শুরু করা হিমবাহ ‘এ-৬৮’।

গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অ্যান্টার্কটিকার বরফস্তর থেকে আলাদা হয়ে যাওয়া বিশাল ওই হিমবাহের আয়তন যুক্তরাজ্যের লন্ডন কিংবা ওয়েলসের আয়তনের প্রায় চার গুণ। ওই হিমবাহ আকারে-আয়তনে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ ও টোবাগো দ্বীপের সমান। ইউরোপের দেশ লুক্সেমবার্গের দ্বিগুণ। আর পশ্চিমবঙ্গের কলকাতা শহরের চেয়ে ৩২ গুণ বড়।