লন্ডনের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের নিরাপত্তাবিধানের উদ্দেশ্যে অতিরিক্ত সশস্ত্র পুলিশকে শহর প্রদক্ষিণে দেখা যাবে। এমনটাই জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হোগান-হো ও মেয়র সাদিক খান।
ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে লন্ডনের বাসিন্দাদের আশ্বস্ত করতে এবং হামলাকারীদের নিরুৎসাহিত করতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ উদ্যোগের ঘোষণা দেন। তিনি বলেন, ‘শিগগিরই লন্ডনে হামলা হবে, এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। তবু অতিরিক্ত ৬০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হচ্ছে লন্ডনজুড়ে।’ এর মধ্য দিয়ে রাজধানীর নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র পুলিশের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৮০০।
মেয়র সাদিক খান বলেন, ‘হুমকির মাত্রায় কোনো পরিবর্তন আসেনি। কিন্তু আমরা ইউরোপ, নিস, প্যারিস ও মিউনিখের সন্ত্রাসী ঘটনা থেকে শিক্ষা নিচ্ছি। লন্ডনবাসীকে এটা বোঝানো খুব জরুরি যে তাদের নিরাপত্তায় আমাদের পুলিশ বাহিনীর সব সদস্য নিজ নিজ জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করছেন।’
এর আগে গত রোববার বার্নার্ড হোগান-হো একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার প্রবল সম্ভাবনার আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন। সেখানে কমিশনার বলেছিলেন, সশস্ত্র জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রশিক্ষণ পাওয়া বর্ধিত সশস্ত্র দল তিনি চান। যারা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমিশনার গত জানুয়ারিতে অতিরিক্ত ৬০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছিলেন। এপ্রিলে জানানো হয়, সন্ত্রাসবাদ থেকে জনগণকে সুরক্ষা দিতে দেড় হাজার সশস্ত্র পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশ ফেডারেশন অব ইংল্যান্ড ও ওয়েলসের চেয়ারম্যান স্টিভ হোয়াইট বলেন, নতুন দেড় হাজার সদস্যকে প্রশিক্ষণ দিতে দুই বছরের মতো সময় লেগে যেতে পারে।