লন্ডনের প্রযুক্তিবিদদের দিকে নজর বার্লিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবারের ভোটে। দেশটির এ সিদ্ধান্তের ফলাফল নির্ণয় করতে জোটের নেতাদের বৈঠক নিয়ে ব্যস্ত জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এরই মধ্যে টেলিফোনে কথা বলায় ব্যস্ত দেখা গেল বার্লিন পৌর কর্তৃপক্ষের অর্থনীতি ও প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা সিনেটর করডেলিয়া ইতজাকে।
বার্লিনের এ সিনেটরের ব্যস্ততা অবশ্য সহকর্মী রাজনীতিবিদদের সঙ্গে আলাপচারিতা নিয়ে নয়। ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের রায়ের পর কীভাবে ওই দেশটির অর্থনীতি ও প্রযুক্তি বিশেষজ্ঞদের বার্লিনে ভেড়ানো যায়, তা নিয়েই এ ব্যস্ততা করডেলিয়া ইতজার। যুক্তরাজ্যের গণভোটের পর ধারণা করা হচ্ছে, জার্মানির রাজধানী এখন ইইউর অর্থনীতি ও প্রযুক্তি খাতের আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠতে পারে।
এ ব্যাপারে সিনেটর করডেলিয়া ইতজা বলেন, ‘ইইউর যেসব কোম্পানির সদর দপ্তর লন্ডনে, তারা এটা ভালোভাবেই বুঝতে পারছে যে তাদের এ জোটে থাকাটা জরুরি। কোম্পানিগুলোকে টানতে গত দুই-তিন বছর ধরেই লন্ডন ও বার্লিনের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। আমি মনে করি, এখন শুধু এগুলোই নয়, অন্যান্য কোম্পানিও বার্লিনের দিকে ঝোঁকার সিদ্ধান্ত নেবে।’
ব্রেক্সিটের নানা সুবিধা নিয়ে ইতিমধ্যে জার্মানির পত্রপত্রিকাও খবর ছাপানো শুরু করেছে। বার্লিনার কুরিয়ার ট্যাবলয়েড গত রোববার শিরোনাম করেছে, ‘ব্রেক্সিট: ১০ হাজার নতুন চাকরি।’
কর্মসংস্থানের সুযোগ লন্ডন থেকে জমজমাট প্রযুক্তি ও ক্ষুদ্র ব্যবসার জন্য সুপরিচিত ফ্রাঙ্কফুর্ট ও বার্লিনের দিকে ঝোঁকার সম্ভাবনা দেখা দেওয়ায় লন্ডনের আর্থিক ও প্রযুক্তি খাতের সেরা বিশেষজ্ঞদের টানতে মুখিয়ে আছে শহর দুটো।
এ প্রসঙ্গে বার্লিনের প্রযুক্তি প্রতিষ্ঠান সিলিকন অ্যালির প্রধান নির্বাহী ট্রাভিস টড বলেন, ‘এ মুহূর্তে আমাদের অফিসে যে জায়গা রয়েছে, তার চেয়েও বেশি চাহিদা রয়েছে দক্ষ কর্মীর।’ সম্ভাব্য নতুন কর্মীর দিকে লক্ষ রেখে প্রতিষ্ঠানটি বার্লিনের কেন্দ্রে ছয়তলা একটি ভবন নির্মাণ শুরু করেছে। এতে দুই হাজার কর্মী কাজ করতে পারবে। ট্রাভিস টড আরও বলেন, লোকজন এখনই বলা শুরু করেছে, ‘লন্ডনের বিকল্প হবে কোনটি?’