লন্ডনের মঞ্চে আফগান শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান মহড়ার জায়গা আটকে রাখত। আফগানিস্তানের মতো এ রকম গোড়া সমাজে একজন অভিনেত্রী খুঁজে বের করাটাও ছিল কঠিন। কিন্তু শেষ পর্যন্ত সব বাধাবিঘ্ন পেরিয়ে ওই আফগান শিল্পীরাই লন্ডনে মঞ্চস্থ করতে যাচ্ছেন শেক্সপিয়ারের নাটক।আগামী মে মাসে লন্ডনের গ্লোব থিয়েটারে আফগান শিল্পীরা মঞ্চস্থ করতে যাচ্ছেন শেক্সপিয়ারের রম্যনাটক কমেডি অব এররস (ভ্রান্তিবিলাস)। আসন্ন অলিম্পিক সামনে রেখে সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে এ নাটকটি মঞ্চায়িত হবে।প্রযোজক রজার গ্র্যানভিল তাঁর নাটকে অভিনয়ের জন্য নারী শিল্পী খুঁজতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হন, তার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘শেক্সপিয়ারের যুগে পুরুষেরাই নারীর চরিত্রে অভিনয় করতেন। এ কারণে তখন কোনো সমস্যা হতো না। কিন্তু আফগানিস্তানে অভিনেত্রী খুঁজতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে।’নাটকটির জার্মান-সিরীয় পরিচালক কোরিন জাবের বলেন, ‘আমরা কমেডি নাটক বেছে নিয়েছি। কারণ, আফগানেরা ট্র্যাজেডি চায় না। তারা এমনিতেই যথেষ্ট ট্র্যাজেডির শিকার হয়েছে।’আফগানিস্তানের জনপ্রিয় অভিনেতা নাবি তানহা বলেন, নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে আফগান শিল্পীরা আবার তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে চাইছেন, যা গত ৩০ বছরের যুদ্ধ আর সংঘাতে হারিয়ে যেতে বসেছিল। অস্কার মনোনীত আফগান চলচ্চিত্র দ্য কাইট রানার-এ অভিনয় করে পশ্চিমা দর্শকের মন কেড়েছেন তানহা। তিনি আরও বলেন, ‘যুদ্ধের কারণে আমাদের শিল্পকলা ও মঞ্চ কার্যক্রম ধ্বংস হয়ে যাওয়ার পর তা আমরা আবার ধীরে ধীরে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’আফগানিস্তানের ভাষা ও স্থানীয় চরিত্রের মাধ্যমে নাটকটি মঞ্চস্থ করা হবে। নাটকের অন্যতম প্রধান চরিত্র এফিসাসের অ্যান্টিফোলাসের অভিনয় করছেন নাবি তানহা। এতে অবশ্য তাঁর নাম আরসালান।উৎসবে শেক্সপিয়ারের মোট ৩৮টি নাটক ৩৮টি ভাষায় মঞ্চায়িত হবে। ছয় সপ্তাহব্যাপী এ উৎসব ২৩ এপ্রিল শুরু হচ্ছে। আফগানিস্তান ছাড়াও দক্ষিণ সুদান ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র জর্জিয়ার নাট্যদল উৎসবে যোগ দিচ্ছে।কমেডি অব এররস-এর তিন অভিনেত্রীর অন্যতম ফারজানা সুলতানা বলেন, ‘লন্ডনে শেক্সপিয়ারের নাটকে অভিনয় করতে পারাটা আমার জন্য বিশাল সম্মানের।’রক্ষণশীল আফগান-সমাজে এ পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে ফারজানাকে। শিল্প ও সংস্কৃতিচর্চায় আফগান নারীদের চিরদিনের সংগ্রামের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আগে আমাদের পরিবারকে রাজি করাতে হয়। কেননা, সমাজ সম্পর্কে তাদের ধারণা খোলামেলা নয়। কেন অভিনয় করতে চাই, সে কথা যুক্তি দিয়ে মানাতে হয়।’ রয়টার্স।