লন্ডনের মেয়র নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডন নগরের মেয়র নির্বাচন আজ বৃহস্পতিবার। এবারের নির্বাচনে বর্তমান মেয়র রক্ষণশীল দলের (কনজারভেটিভ পার্টি) বরিস জনসনসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে অভিবাসীদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।বিভিন্ন জনমত জরিপে আভাস মিলেছে, দ্বিতীয় মেয়াদে বিজয়ী হওয়ার জন্য বরিস জনসনকে লেবার পার্টির প্রার্থী ও সাবেক মেয়র কেন লিভিংস্টোনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, লন্ডনে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ভোটারের উপস্থিতি কম হতে পারে বলে আশঙ্কা করছে রক্ষণশীল দলের নির্বাচনী প্রচারণা কমিটি। খারাপ আবহাওয়া লেবার পার্টির জন্য নির্বাচনে অনুকূল প্রেক্ষাপট তৈরি করতে পারে বলে ভাবা হচ্ছে। ভোটারদের আকৃষ্ট করতে লেবার প্রার্থী লিভিংস্টোন লন্ডনের ক্রমবর্ধমান যাতায়াত ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া নির্বাচিত হলে ভোটারদের একটি নিরাপদ শহর উপহার দেবেন বলে অঙ্গীকার করেছেন।অন্যদিকে বর্তমান মেয়র বরিস জনসন বলেছেন, গত নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির অধিকাংশই রক্ষা করার ব্যাপারে তিনি সচেষ্ট ছিলেন। লন্ডনকে নিরাপদ শহরে পরিণত করা এবং যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক করার চেষ্টা করেছেন। এবার নির্বাচিত হলে ষাটোর্ধ প্রবীণ নাগরিকদের চলাফেরা আরও উন্মুক্ত করার ব্যাপারে কাজ করবেন।এদিকে যুক্তরাজ্যজুড়ে আজ কাউন্সিল নির্বাচনেও ভোট গ্রহণ করা হবে। কাউন্সিল নির্বাচনেও লেবার পার্টির প্রার্থীরা ভালো করতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।