লর্ড অ্যাভবেরি আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক এমপি এবং মানবাধিকারকর্মী লর্ড অ্যাভবেরি গতকাল রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খবর গার্ডিয়ানের।
হাউস অব লর্ডসে লিবারেল ডেমোক্র্যাটদের মধ্যে অ্যাভবেরি ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা সদস্য। তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন।
অ্যাভবেরি ১৯৬০ সালে লিবারেল ডেমোক্র্যাট পার্টিতে যোগ দেন। পরের বছরই তিনি কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৬২ সালে অরপিংটন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে বিস্ময় সৃষ্টি করেন। এরপর তিনি ‘অরপিংটন ম্যান’ হিসেবে পরিচিতি পান। ১৯৭০ সালে অ্যাভবেরি তাঁর আসন হারান। এর পরের বছর তিনি লর্ড সভার সদস্য হন। তিনি চিটাগাং হিল ট্রাক্টস কমিশনের সদস্য ছিলেন।
স্বেচ্ছামৃত্যুর পক্ষে প্রকাশ্যেই প্রচারণা চালিয়েছেন লর্ড অ্যাভবেরি। গত বছর ব্রিটিশ পার্লামেন্টে বিষয়টি উত্থাপিত হলে তিনি এর সপক্ষে লেখেন, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই এই বিলের পক্ষে আমার মত আছে। এই মতামতের পক্ষে ভবিষ্যৎ প্রচারণার সপক্ষেও আছি আমি।’
অ্যাভবেরির মৃত্যুতে শোক জানিয়ে ব্রিটিশ সংগঠন ন্যাশনাল সেক্যুলার সোসাইটির নির্বাহী পরিচালক কিথ পোর্টেয়াস উড বলেছেন, বিশ্বের অগণিত মানবাধিকার আন্দোলনের পক্ষে প্রচার চালিয়েছেন তিনি।