লস অ্যাঞ্জেলেসে চিকিৎসার প্রয়োজনে গাঁজা বিক্রি নিয়ে বিতর্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ওষুধ হিসেবে গাঁজা বিক্রি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে ৭১টি ওষুধের দোকান গত মাসে বন্ধ করে দেওয়া হয়েছে। ওষুধ বিক্রির নামে গাঁজা ব্যবসা দমনে ক্যালিফোর্নিয়ায় এক বছর আগে সরকারি অভিযান শুরু হয়। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর চাপের মুখে লস অ্যাঞ্জেলেস নগর কর্তৃপক্ষ কয়েকটি ওষুধের দোকানের ওপর থেকে নিষেধাজ্ঞা গত সপ্তাহে প্রত্যাহার করে নিয়েছে।ক্যানসার, ক্ষুধামন্দা ও বিভিন্ন ব্যথার চিকিৎসায় বিশেষ প্রয়োজনে রোগীদের গাঁজা সেবনের পরামর্শ দেওয়া হয়ে থাকে। সেই সুযোগে নেশাদ্রব্য হিসেবেও গাঁজার ব্যবহার বাড়তে থাকে লস অ্যাঞ্জেলেসে। সেখানে এখন গাঁজার দোকানের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না। তবে সংখ্যাটি ৫০০ থেকে এক হাজার বলে ধারণা করা হয়। ইগল রক এলাকার একটি সংগঠনের প্রধান মাইকেল লারসেন বলেন, লস অ্যাঞ্জেলেসে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও গাঁজা বিক্রি চলছে। এখানকার লোকজন বেপরোয়া।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার গাঁজার সব ধরনের ব্যবহার নিষিদ্ধ করলেও ক্যালিফোর্নিয়া সরকারের আইন অনুযায়ী, চিকিৎসার প্রয়োজনে গাঁজার অলাভজনক ব্যবহার বৈধ। যুক্তরাষ্ট্রের সরকারি আইন বিভাগের মুখপাত্র থম ম্রোজেক বলেন, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যে ৯৭ শতাংশ গাঁজার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের প্রায় ১৮০টি শহরে সংশ্লিষ্ট ওষুধের দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যামেরিকান ফর সেফ অ্যাকসেস এবং ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইউনিয়ন নামের পৃথক দুটি সংগঠন ওষুধ হিসেবে গাঁজা বিক্রির বিষয়টি নিষ্পত্তির জন্য গণভোটের দাবি জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো ও ওকল্যান্ড শহরের কর্তৃপক্ষ চিকিৎসার প্রয়োজনে গাঁজা বিক্রির অনুমোদন দিয়েছে। তবে লস অ্যাঞ্জেলেসের নগর পরিষদের দুজন সদস্য গাঁজা বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিরোধিতা করেছেন।গাঁজা বিক্রি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের অভিযানের প্রতিবাদ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের ওষুধ ব্যবসায়ীরা। স্থানীয় ওষুধ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতা রিগো ভালদেজ বলেন, তাঁরা চিকিৎসার প্রয়োজনে গাঁজার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে চান। সুপ্রিম কোর্টে ১৫টি ওষুধের দোকানের প্রতিনিধি আইনজীবী ডেভিড ওয়েলচ বলেন, সরকারের দমন অভিযান ব্যর্থ হবে। গাঁজা বিক্রির দোকানগুলো সাময়িকভাবে বন্ধ করা গেলেও সেগুলো আবার চালু হবে। নিউইয়র্ক টাইমস।