লস্কর-ই-জাংভির প্রধান কারাগারে
পাকিস্তানের নিষিদ্ধঘোষিত কট্টরপন্থী সুন্নি সংগঠন লস্কর-ই-জাংভির প্রধান মালিক ইসহাককে গতকাল শুক্রবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সে দেশের একটি আদালত।আল-কায়েদার সঙ্গে মালিক ইসহাকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ১৯ আগস্ট একটি মাদ্রাসায় শিয়াদের বিরুদ্ধে তিনি ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেন। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর গতকাল লাহোরের একটি আদালতে হাজির করা হয়। পরে তাঁকে দুই সপ্তাহের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মালিক ইসহাকের বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। এগুলোর অধিকাংশই হত্যা মামলা। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলেও অভিযোগ রয়েছে।লস্কর-ই-জাংভিকে পাকিস্তানের সবচেয়ে কট্টরপন্থী সুন্নি সংগঠন মনে করা হয়। নব্বইয়ের দশকের শুরুর দিকে এই গোষ্ঠী শত শত শিয়াকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এএফপি।