লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সারলিফ জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ। বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি বিরোধীদের সঙ্গে যোগাযোগ ও মতভেদ নিরসনের অঙ্গীকার করেন।আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট সারলিফের প্রতিদ্বন্দ্বী উইনস্টন টাবম্যান নির্বাচন থেকে সরে যাওয়ায় তাঁর বিজয় ছিল নিশ্চিত।এ পর্যন্ত ৮৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে সারলিফ পেয়েছেন ৯১ শতাংশ ভোট।টাবম্যান অভিযোগ করেছেন, নির্বাচনে সারলিফের পক্ষে কারচুপি হয়েছে। তবে বিদেশি পর্যবেক্ষকেরা তাঁর নির্বাচন বর্জনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।নির্বাচনে ৩৭ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা প্রথম দফার নির্বাচনের প্রায় অর্ধেক।গত মাসে প্রথম দফার নির্বাচন হয়। এতে সারলিফ বেশি ভোট পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। তাই দ্বিতীয় দফা নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়।সারলিফ বলেন, তিনি সব প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে যোগাযোগ করবেন। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা মানুষকে এক করতে সক্ষম হব।’গতকাল শুক্রবার টাবম্যান অবশ্য বলেছেন, তিনি প্রেসিডেন্ট সারলিফের সঙ্গে কাজ করার একটি উপায় খুঁজে বের করতে ইচ্ছুক।নির্বাচন বর্জন করলেও ব্যালট পেপারে টুবম্যানের নাম ছিল। নির্বাচন কমিশন জানায়, তিনি নির্বাচনে নয় শতাংশ ভোট পেয়েছেন।গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়। এ ব্যাপারে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট সারলিফ।আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া ছিল গ্রহণযোগ্য ও স্বচ্ছ। এএফপি, বিবিসি।