লাইভ অনুষ্ঠানে নারী সাংবাদিককে চড়!
পাকিস্তানের করাচির নাজিমাবাদ এলাকায় ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (নাডরা) কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী সাংবাদিক। এই কার্যালয়ে সেবা নিতে আসা ব্যক্তিদের দুর্ভোগের কথা লাইভে তুলে ধরাই মূল কাজ ছিল চ্যানেল কে-২১-এর এই সাংবাদিকের। কিন্তু তিনি নিজেই দুর্ভোগে পড়লেন, লাঞ্ছিত হলেন। ওই কার্যালয়ের বাইরে দায়িত্বরত আধা সামরিক বাহিনী এফসির এক সদস্যের হাতে ওই সাংবাদিকের চড় খাওয়ার ভিডিও এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
পাকিস্তানের ডন অনলাইনের গতকাল শুক্রবারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার করাচির পুলিশ আধা সামরিক বাহিনী এফসির ওই সদস্যের বিরুদ্ধে মামলা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নাডরা কার্যালয়ে আসা নাগরিকদের ভোগান্তি নিয়ে খবরের লাইভে কথা বলছিলেন ওই সাংবাদিক। একপর্যায়ে দায়িত্বরত আধা সামরিক বাহিনীর এক ব্যক্তির বিরুদ্ধে নাগরিকদের করা অভিযোগ নিয়ে কথা বলেন ওই সাংবাদিক। ক্যামেরা এফসির ওই সদস্যের দিকে নিয়ে যাওয়া হয়। ওই সদস্য সাংবাদিকের দিকে এগিয়ে যান। একপর্যায়ে তিনি ওই সাংবাদিককে চড় মারেন।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ার পর এফসির ওই সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মুকাদ্দেস হায়দার বলেন, নারী সাংবাদিককে চড় দেওয়ার অভিযোগে ওই এফসি সদস্যের বিরুদ্ধে গুলবাহার থানা-পুলিশ মামলা করেছে। তাঁকে পুলিশ হেফাজতে নিতে এফসি বাহিনীর কাছে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এফসি কর্তৃপক্ষ পাল্টা একটি প্রাথমিক অভিযোগ থানায় জমা দিয়েছে।