ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার দুই দণ্ডপ্রাপ্ত আসামির আইনজীবী তাঁর পেশাগত অনুমোদন হারাতে পারেন। নারীবিদ্বেষী মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হতে পারে।
গত শুক্রবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অক্ষয় ঠাকুর ও বিনয় শর্মার আইনজীবী এ পি সিংয়ের উত্তেজিত মন্তব্যে দিল্লি বার কাউন্সিল ক্ষুব্ধ। মক্কেলের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় একদল সাংবাদিকের কাছে এ পি সিং বলেছিলেন, তাঁর মেয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে বা প্রেমিকের সঙ্গে রাতের বেলা ঘুরে বেড়ালে তাঁকে তিনি জীবন্ত পুড়িয়ে মারতেন। তিনি নির্ভয়াকে ইঙ্গিত করে ওই মন্তব্য করেছিলেন।
বার কাউন্সিল গতকাল রোববার বলেছে, এ পি সিংয়ের মন্তব্য ‘পেশাগত অসদাচরণের’ শামিল এবং তাঁর লাইসেন্স বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। কাউন্সিলের চেয়ারম্যান সূর্যপ্রকাশ খাতরি বলেন, মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তোলা এবং বিচারককে উদ্দেশ করে চিৎকার করার দায়ে এ পি সিংয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হতে পারে। এএফপি।