লাওসে ঐতিহাসিক সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক এক সফরে গতকাল বুধবার লাওস গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক থাকা দেশটিতে গত ৫৭ বছরে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক সপ্তাহের সফরের অংশ হিসেবে হিলারি গতকাল লাওসের ভিয়েনতিয়েনে পৌঁছান। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী থংসিং থামাভোং এবং পররাষ্ট্রমন্ত্রী থংগ্লুন সিসোলিথের সঙ্গে বৈঠক করেন। হিলারির এই সফরের লক্ষ্য হচ্ছে, এই অঞ্চলের বেশ কিছু দ্রুতবর্ধমান বাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান সুসংহত করা এবং চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামরিক প্রভাব মোকাবিলা করা।আফগানিস্তান ও ইরাক যুদ্ধের বাইরে লাওসে শীর্ষ কর্মকর্তার সফরকে মার্কিন পররাষ্ট্রনীতির গতি পরিবর্তনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইন্দো-চীন যুদ্ধের ৩৭ বছর পর এ ঘটনা ঘটল। স্নায়ুযুদ্ধকালীন বৈরী লাওসের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সম্পর্ক ভালো ছিল না। তবে মিয়ানমার ও ভিয়েতনামের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ হওয়ার পর লাওসের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির এই পরিবর্তন দেখা গেল।বৈঠককালে হিলারি বৃহৎ আঞ্চলিক নদী মেকংয়ে প্রস্তাবিত একটি বাঁধের বিষয়ে পরিবেশগত উদ্বেগ, বিনিয়োগসুবিধা এবং ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কর্তৃক লাওসে ফেলা লাখ লাখ অবিস্ফোরিত বোমা অপসারণের মতো বিষয় নিয়ে আলোচনা করেন।বৈঠকের পাশাপাশি হিলারি একটি বৌদ্ধমন্দির এবং মার্কিন অর্থায়নে পরিচালিত মার্কিন বাহিনীর গোলাবারুদের শিকার ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের একটি কেন্দ্র পরিদর্শন করেন।এর আগে ১৯৫৫ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস সর্বশেষ লাওস সফর করেছিলেন। তখন লাওস ছিল মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। সে সময় বিদায়ী প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার তাঁর উত্তরসূরি জন এফ কেনেডিকে সতর্ক করে বলেছিলেন, লাওস কমিউনিস্টদের করতলগত হলে পুরো দক্ষিণ এশিয়াতেই মার্কিন প্রভাব খর্ব হবে। মার্কিনরা লাওসের কমিউনিস্ট বিরোধীদের পেছনে প্রচুর অর্থ ঢালে। ১৯৬৪ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত চলা ‘গোপন যুদ্ধ’ সময়কালে অনগ্রসর এই দেশটিতে মার্কিন সেনারা অন্তত ২০ লাখ টন বোমা ফেলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানে যৌথভাবে যে পরিমাণ বোমাবর্ষণ করা হয়েছিল, এই পরিমাণ তার চেয়েও বেশি। জি নিউজ।