লাটভিয়ায় ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫২
লাটভিয়ার রাজধানী রিগায় গত বৃহস্পতিবার বিপণিবিতানের ছাদ ধসের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের স্মরণে গতকাল শনিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাল্টিক সাগর-তীরবর্তী দেশটিতে।
পুলিশের মুখপাত্র টমস সাদোভস্কিস বলেন, ঘটনাস্থল থেকে সর্বশেষ লাশটি শনিবার ভোরে উদ্ধার করা হয়। দুটি লাশের পরিচয় মেলেনি এবং আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।
রাজধানী রিগার মধ্যাঞ্চলের জলিটিউড এলাকায় ম্যাক্সিমা নামের ওই বিপণিকেন্দ্রটির ছাদের অংশবিশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ভবনটিতে প্রবেশের পর দ্বিতীয়বার ধস নামে। মাত্র দুই বছর আগে নির্মিত ভবনটি তৈরির সময় নির্ধারিত বিধি পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
উদ্ধারকর্মীরা তীব্র শীত (প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস) উপেক্ষা করে তল্লাশি অব্যাহত রেখে ৪০ জনকে জীবিত উদ্ধার করেন।
প্রধানমন্ত্রী ভালদিস দমব্রোভস্কিস শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে আইন-কানুন এখন থেকে কড়াকড়িভাবে কার্যকর করা হবে।
১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর লাটভিয়ায় এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এএফপি ও বিবিসি।