লাতিন আমেরিকাজুড়ে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তি

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় সব লাতিন আমেরিকান রাষ্ট্রের ওপরে গোপনে নজরদারি ও গুপ্তচরবৃত্তি চালিয়েছে যুক্তরাষ্ট্র। দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর সাবেক প্রতিবেদক গ্লেন গ্রিনওয়াল্ড গতকাল সোমবার একটি গণমাধ্যম জোটের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি করেন।
এএফপির বরাতে টাইমস অব ইন্ডিয়া আজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, গ্রিনওয়াল্ড এর আগে কয়েকবার যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ কার্যক্রমের তথ্য ফাঁস করেছেন।
গণমাধ্যম জোটটির সভায় গ্রিনওয়াল্ড বলেন, ভবিষ্যতে তিনি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির খবর পেলেই তা নিয়ে প্রতিবেদন করবেন। তিনি আরও জানান, সামনের দিনে যুক্তরাষ্ট্রের ভেতরে দেশটির গোপন কার্যক্রম নিয়ে আরও অনেক প্রতিবেদন প্রকাশিত হতে চলেছে।
গ্রিনওয়াল্ড এমন সময় এ ধরনের মন্তব্য করলেন যখন ফ্রান্স ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে নিন্দা জানাতে শুরু করেছে। ফ্রান্স ও মেক্সিকো গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কাছে তার গোপন তত্পরতার ব্যাখ্যা চেয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিগুলো থেকে ফ্রান্স ও মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের বেআইনি গোয়েন্দা কার্যক্রমের বিষয়টি জানা যায়।
ফাঁস হওয়া নথি সংগ্রহ থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) লাখ লাখ ফরাসি ফোনকল রেকর্ড করছে এবং মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরনের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেছিল।
ব্রাজিলবাসী মার্কিন সাংবাদিক গ্রিনওয়াল্ড গতকাল ভিডিও কনফারেন্স প্রযুক্তির মাধ্যমে আন্ত-আমেরিকান গণমাধ্যম সংস্থার (আইএপিএ) ৬৯তম অধিবেশনে বক্তব্য দেন। তিনি গত সপ্তাহে ব্রিটিশ দৈনিকটি থেকে অবসর নেন। আইএপিএর অধিবেশনে তিনি জানান, স্নোডেন যেসব নথি ফাঁস করেছিলেন সেগুলো বিশ্বের অনেক স্থানে ভাগাভাগি করে রাখা আছে।