লাদেন ব্রিটিশ এয়ারওয়েজের নিয়মিত যাত্রী!
ব্রিটিশ এয়ারওয়েজের নিয়মিত সাময়িকী এলএইচআর নিউজ-এর প্রচ্ছদে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের একটি বোর্ডিং পাসের ছবি ছাপানোয় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই বোর্ডিং পাসে বিন লাদেনকে ব্রিটিশ এয়ারওয়েজের নিয়মিত যাত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এয়ারওয়েজের কর্তৃপক্ষ এ ঘটনাকে নিছক ‘ভুল’ বলে অভিহিত করেছেন। সাময়িকীর প্রচ্ছদে কী করে এ ধরনের ছবি ছাপানো হলো তা তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন।হিথ্রো বিমানবন্দরের যাত্রী ও বিমান কর্মকর্তা- কর্মচারীদের জন্য এলএইচআর নিউজ নামের ওই সাময়িকীটি নিয়মিত ছাপা হয়ে থাকে। পত্রিকার সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে ছাপা ছবিতে দেখা গেছে হিথ্রো বিমানবন্দরের একজন তল্লাশি কর্মকর্তা হাস্যোজ্জ্বলভাবে এক যাত্রীর হাতে বোর্ডিং পাসযুক্ত একটি আইফোন সেট তুলে দিচ্ছেন। তার সামনেই অন্য কেউ আরেকটি আইফোন মেলে ধরেছেন। ওই আইফোনে ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম শ্রেণীর টিকিটধারী ও নিয়মিত যাত্রী হিসেবে লেখা রয়েছে ওসামা বিন লাদেনের নাম। সেখানে ওসামার আসন নম্বর দেওয়া রয়েছে ৭ সি। অনেকেই এটাকে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের কৌতুকসুলভ দিক বলে ধরে নিলেও কেউ কেউ এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তাঁরা এটাকে ‘ষড়যন্ত্র’ বলেও আখ্যায়িত করেছেন। তাঁরা বলছেন, ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা কয়েক দিন আগে নানা দাবিতে ধর্মঘট করেছিলেন। তাঁদের মধ্য থেকে কোনো মহল চক্রান্ত করে এই কাজ করে থাকতে পারে।টোরি দলের প্রভাবশালী এমপি প্যাট্রিক মার্শার বলেছেন, আপাতদৃষ্টে এটাকে ব্রিটিশ এয়ারওয়েজের অভ্যন্তরীণ চক্রান্তকারীদের সফল ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। তিনি বলেন, এটা হয়তো মামুলি ঘটনা, কিন্তু নিরাপত্তার প্রশ্নে এর ব্যাপক নেতিবাচক প্রভাব রয়েছে। তিনি আরও বলেন, ছবিতে লাদেনকে ওয়াশিংটনের পথে যাওয়ার বোর্ডিং পাস দেওয়া হয়েছে। এটা (১/১১র মতো) মর্মান্তিক কিছু স্মৃতি মনে করিয়ে দেয়।তবে ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, প্রকাশনাগত ভুলের কারণে এমন ছবি ছাপা হয়ে থাকতে পারে। তাঁরা মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। এএনআই ও মেইল অনলাইন।