লাদেন হত্যা অভিযান তদন্তে পাকিস্তানে কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পাকিস্তান সরকার গত মঙ্গলবার একটি কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি জাভেদ ইকবালকে প্রধান করে পাঁচ সদস্যের এ কমিশন গঠন করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেন হত্যার ঘটনা তদন্ত করবে এই কমিশন। তা ছাড়া কমিশন লাদেনের অবস্থানের ব্যাপারে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের না জানার কারণ এবং এর নেপথ্য ও প্রকৃতি জানারও চেষ্টা করবে। তদন্ত শেষে প্রয়োজন মনে করলে কমিশন ‘সুপারিশ’ করবে। কমিশনের অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফকরুদ্দিন জি ইব্রাহিম, লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) নাদিম আহমেদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্বাস খান ও সাবেক কূটনীতিক আশরাফ জাহাঙ্গীর কাজী। মন্ত্রিপরিষদের সচিব কমিশনের সচিব হিসেবে কাজ করবেন।পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে অ্যাবোটাবাদে মার্কিন গোপন অভিযানের ঘটনায় ‘স্বাধীন কমিশন’ গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ কমিশন গঠন করল। লাদেন হত্যার অভিযানের পর গত ১৩ মে জরুরি ভিত্তিতে পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়। পাকিস্তানের মাটিতে ফের যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন দেশটির আইনপ্রণেতারা।লাদেন হত্যার অভিযানের ঘটনায় রাজনীতিবিদেরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) ও গণমাধ্যমের ওপর। তাঁরা বলেছেন, লাদেনের অবস্থান শনাক্তকরণের ক্ষেত্রে এই দুটি শাখার ব্যর্থতা সবচেয়ে বেশি। অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমির মাত্র কয়েক শ গজ দূরে আত্মগোপন করে ছিলেন আল-কায়েদার শীর্ষ নেতা। পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীও পৃথকভাবে এ ঘটনায় তদন্ত করছে। লাদেন কীভাবে বছরের পর বছর ধরে অ্যাবোটাবাদে লুকিয়ে ছিলেন এবং রাডার এড়িয়ে মার্কিন সামরিক বাহিনী কীভাবে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাল, তা খতিয়ে দেখছে এই দুটি বাহিনী। পিটিআই অনলাইন।