লাদেনকে জীবিত ধরতে ও তাঁর বিচার করতে চেয়েছিলেন ওবামা!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নেভি সিলসের অভিযানে নিহত আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে বেসামরিক আদালতে বিচার করতে চেয়েছিলেন। তিনি বিন লাদেনকে জীবিত অবস্থায় দেখতে চেয়েছিলেন। মার্কিন সাংবাদিক মার্ক বাউডেনের লেখা দ্য ফিনিশ নামের প্রকাশিতব্য এক বইয়ে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিন লাদেন আত্মসমর্পণ করলে আদালতে তাঁকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার এবং তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ারও পক্ষে ছিলেন ওবামা। তিনি (ওবামা) মনে করেছিলেন, এর মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণিত হবে, যুক্তরাষ্ট্র সঠিক পন্থায় লাদেনের বিচার সম্পন্ন করেছে। চলতি মাসের ১৬ তারিখে প্রকাশিত হবে দ্য ফিনিশ। বইয়ে ওবামার এক সাক্ষাৎকারের উদ্ধৃতি দেন বাউডেন। ওই সাক্ষাৎকারে ওবামা বলেছিলেন, ‘আমার বিশ্বাস, যদি আমরা তাঁকে (লাদেন) জীবিত ধরতে পারতাম, তা হলে আমার রাজনৈতিক অবস্থান হতো যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে তাঁর বিচার সম্পন্ন করা।’ তিনি বলেছিলেন, ‘আল-কায়েদার বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা। এর মাধ্যমেই আমি তাঁকে “শহীদ” পরিচয় থেকে বের করে আনতে চেয়েছিলাম।’ গত বছরের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন কমান্ডো বাহিনী অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে। হত্যার পর যুক্তরাষ্ট্র স্বস্তির নিঃশ্বাস ফেললেও এ নিয়ে সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্র আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হত্যা করেছে বিন লাদেনকে। এপি।