পূর্ব আফ্রিকায় ১৯৯৮ সালে দুটি মার্কিন দূতাবাসে সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় আনন্দিত হয়েছিলেন প্রয়াত ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তবে জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে জোট বাঁধার কোনো আগ্রহ ছিল না তাঁর। যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইকে এ তথ্য দিয়েছেন সাদ্দামের খুব ঘনিষ্ঠজন বলে পরিচিত সাবেক ইরাকি পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ। সম্প্রতি প্রকাশিত এফবিআইয়ের গোপন নথি থেকে এসব তথ্য জানা যায়।বাগদাদে মার্কিন কারাগারে জিজ্ঞাসাবাদ চলাকালে একটি পর্বে এফবিআইকে আজিজ বলেন, লাদেন ও অন্যান্য ইসলামি চরমপন্থীদের সাদ্দাম ‘সুবিধাবাদী’ ও ‘ভণ্ড’ মনে করতেন।চলতি সপ্তাহে বার্তা সংস্থা এপি সাদ্দামসহ শীর্ষস্থানীয় ইরাকি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ-বিষয়ক শত শত পৃষ্ঠার নথি এফবিআইয়ের কাছ থেকে হস্তগত করেছে। তথ্যের স্বাধীনতা-বিষয়ক আইনের সূত্রে এপির অনুরোধে এফবিআই এসব নথি সরবরাহ করে। এফবিআইয়ের অভিযান পরিচালনা-বিষয়ক একটি শাখা থেকে এসব নথি জোগাড় করা হয়।শাখাটির সাংকেতিক নাম ‘ডিজার্ট স্পাইডার’। সাদ্দামের শাসনামলে ঘটা যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ জোগাড়ের দায়িত্বে ছিল শাখাটি। ইরাকে মার্কিন অভিযানের আগে সাদ্দাম ও তাঁর গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আল-কায়েদার সম্পর্কের বিষয়টিও তারা খতিয়ে দেখে।নথিতে ২০০৪ সালের ২৭ জুন হাতে লেখা জিজ্ঞাসাবাদ-বিষয়ক যে তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী তারিক আজিজ বলেন, সাদ্দাম ইসলামি নেতাদের বিশ্বাস করতেন না। যদিও আল-কায়েদাকে তিনি একটি ‘কার্যকর’ সংস্থা বলে মনে করতেন।যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ জানায়, সাদ্দামের বেশির ভাগ নথি এরই মধ্যে প্রকাশ করা হলেও এফবিআই এর আগে আজিজের জিজ্ঞাসাবাদ-বিষয়ক নথি প্রকাশে রাজি হয়নি।এর আগে এফবিআই সাদ্দামের সঙ্গে ২০ দফা জিজ্ঞাসাবাদ-বিষয়ক তথ্য প্রকাশ করে। সে তথ্য অনুযায়ী লাদেনের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন সাদ্দাম। তবে তিনি স্বীকার করেন, কিছু ইরাকি কর্মকর্তা লাদেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।সাদ্দামের সঙ্গে আল-কায়েদা বা অন্য কোনো সন্ত্রাসী সংগঠনের গোপন আঁতাত ছিল কি না, মার্কিন নেতৃত্বাধীন ইরাক অভিযানের সাত বছর পর এ সন্দেহ নিয়ে বিতর্ক চলছে। এই অভিযানের বিচক্ষণতা নিয়েও চলছে জোর বিতর্ক। ইরাক যুদ্ধে চার হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছে। বেসামরিক ইরাকি নিহত হয়েছে হাজার হাজার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য আল-কায়েদার হাতে পরমাণু অস্ত্র তুলে দিতে পারেন সাদ্দাম—এই সন্দেহ থেকে ইরাক অভিযানের সিদ্ধান্ত নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।যুদ্ধোত্তর ইরাকে কোনো পরমাণু অস্ত্র বা পরমাণু কর্মসূচি চালানোর প্রমাণ পাওয়া যায়নি। আজিজকে জিজ্ঞাসাবাদ-বিষয়ক যে নথি পাওয়া গেছে, এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে সাদ্দাম যেমন শত্রু মনে করতেন, আল-কায়েদার মতাদর্শের ব্যাপারেও তিনি ছিলেন বৈরী ভাবাপন্ন। এনডিটিভি।