আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে ‘বেআইনিভাবে’ হত্যার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনভিত্তিক এই সংস্থাটি জাতিসংঘের ভূমিকারও সমালোচনা করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মনে করছে সংস্থাটি। এ ছাড়া গত বছর সারা বিশ্বেই নেতৃত্বের ব্যর্থতা দেখা গেছে। গত বুধবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি। ওই প্রতিবেদনে লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযানসহ বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেছে সংস্থাটি।অ্যামনেস্টি বলেছে, যুক্তরাষ্ট্র সরকার এ বিষয়টি পরিষ্কার করেছে—বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ইয়ের যে মতবাদ দেশটি প্রচার করছে, ওই সামরিক অভিযানটি (পাকিস্তানের অ্যাবোটবাদে লাদেনের আস্তানায়) এর ভিত্তিতেই পরিচালিত হয়েছে। লড়াইটি হয়েছে মূলত যুক্তরাষ্ট্র এবং আল-কায়েদার মধ্যে। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ করেনি।অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা না আসায়, লাদেন হত্যার বিষয়টি বেআইনি ঘটনা বলেই প্রতীয়মান হয়েছে।এ ছাড়া প্রতিশ্রুতি সত্ত্বেও গুয়ানতানামো কারাগার বন্ধে প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ওবামার স্বেচ্ছাপ্রণোদিত প্রতিশ্রুতির প্রায় দুই বছর পেরিয়ে গেলেও ওই কারাগারটি বন্ধ করা হয়নি। সংস্থাটি ‘আরব বসন্ত’ নামে পরিচিত মধ্যপ্রাচ্যের গণতন্ত্রকামী মানুষের সাহসী আন্দোলনের প্রশংসা করেছে। তবে অ্যামনেস্টির দাবি, বিশ্ব নেতাদের ব্যর্থতার কারণে এই আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।অ্যামনেস্টির মতে, সিরিয়ায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। কিন্তু বিশ্বশান্তি বজায় রাখার দায়িত্ব যাদের কাঁধে সেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় দমন-পীড়ন বন্ধে কার্যত নিষ্ক্রিয়তার পরিচয় দিয়েছে। শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মোকাবিলার ক্ষেত্রেও ব্যর্থতার পরিচয় দিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, উদীয়মান বিশ্বশক্তি ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা প্রায়শই নীরবতা প্রদর্শনের মাধ্যমে কার্যত দুষ্কর্মকে সহযোগিতা করেছে। এর ফলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অভিভাবক হিসেবে কাজ করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুর্বল হয়ে পড়েছে।অ্যামনেস্টি বলছে, বিভিন্ন ঘটনায় জাতিসংঘের ব্যর্থতার ফলে প্রতিষ্ঠানটিকে এখন বিশ্বশান্তির অভিভাবক হিসেবে ‘অনাবশ্যক’ বলে মনে হচ্ছে। সংস্থাটি বলছে, নেতৃত্বের ব্যর্থতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ‘ক্লান্ত, লক্ষ্যহীন এবং উদ্দেশ্য সাধনে ক্রমাগতভাবে অদক্ষ।’বিগত ২০১১ সালকে অ্যামনেস্টি মূল্যায়ন করেছে, ‘প্রকৃত অর্থেই বিশৃঙ্খলাপূর্ণ বছর’ হিসেবে। বিবিসি, এএফপি।