লাদেনের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানতেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, তাঁর শাসনামলে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানতেন না। সম্প্রতি ইসরায়েলের হারেৎজ পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।গত বছরের মে মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। বিন লাদেনের অবস্থান সম্পর্কে মোশাররফকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বলা হয়ে থাকে, লাদেন পাঁচ বছর পাকিস্তানে ছিলেন। এর অর্থ আমার শাসনামলে তিনি দুই বছর সেখানে ছিলেন।’ তিনি আরও বলেন, ‘মানুষ অন্যের সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারে না; তবে নিজের সম্পর্কে মানুষ নিশ্চিত করে বলতে পারে। আমি নিশ্চিত, ওসামা যে সেখানে ছিলেন, আমি জানতাম না।’দেশে ফিরলেই গ্রেপ্তার: পাকিস্তানের জ্যেষ্ঠ সরকারি কৌঁসুলি এম আজহার চৌধুরী গতকাল রোববার জানান, মোশাররফ দেশে ফিরলেই তাঁকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হবে। বেনজির ভুট্টো হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তারে নতুন পরোয়ানা জারির প্রয়োজন নেই। পিটিআই।