লাদেনের পরিবারকে গ্রহণ করেছে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও সন্তানদের মানবিক কারণে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। লন্ডনভিত্তিক সৌদি মালিকানাধীন একটি সংবাদপত্র গতকাল শনিবার এ খবর প্রকাশ করে।সৌদি আরবের জ্যেষ্ঠ একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দৈনিক আশরাক আল-আওসাত জানায়, ওসামার তিন স্ত্রী ও সন্তানেরা ‘আল-কায়েদার জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলেই সৌদি কর্তৃপক্ষের বিশ্বাস। ১০ সন্তানসহ ওসামার তিন স্ত্রী পাকিস্তান থেকে বেসরকারি একটি বিমানযোগে গত শুক্রবার সৌদি আরবে পৌঁছান। তাঁদের ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো দেয়নি। যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, এটি একান্তই পাকিস্তান ও সৌদি আরবের ব্যাপার। এদিকে, ওসামার ছোট স্ত্রী আমাল আহমেদ আবদেল-ফাত্তাহ আল-সাদা তাঁর পাঁচ সন্তানসহ সৌদি আরবেই থেকে যাবেন বলে জানিয়েছেন তাঁর একজন আত্মীয়। নাম প্রকাশ না করার শর্তে ওই আত্মীয় গত শুক্রবার বলেন, সৌদি আরবে ওসামার পরিবারের পক্ষ থেকে আমালের বসবাসের আশ্রয় ও খরচ দেওয়া হবে।ইসলামাবাদে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদো আবদুল রাহমান বলেন, ওসামার ইয়েমেনি স্ত্রী আমাল আল-সাদা প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করলেও নিজ দেশে ফিরতে পারেননি। তাঁকে সৌদি আরবের ভ্রমণভিসা দেওয়া হয়েছে।আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন নিহত হওয়ার প্রায় এক বছর পর তাঁর পরিবারের সদস্যরা পাকিস্তান ছেড়ে গেলেন। সৌদি আরবে ওসামা বিন লাদেনের পরিবার বেশ প্রভাবশালী এবং বাদশাহ পরিবারের সঙ্গে তাঁদের সুসম্পর্ক রয়েছে। ওসামার বাবার শুরু করা নির্মাণ ব্যবসার মাধ্যমে লাদেনের পরিবার বিপুল সম্পত্তির অধিকারী হয়। এএফপি ও পিটিআই।