লাদেনের পরিবারকে সৌদিতে পাঠাতে আরও সময় লাগবে
পাকিস্তানে নিহত আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের পরিবারকে নির্বাসনে পাঠাতে আরও কিছুদিন সময় লাগবে। তাদের নির্বাসনে পাঠানোর ব্যাপারে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলছে। গতকাল শুক্রবার লাদেনের পরিবারের পক্ষের আইনজীবী আতিফ আলী খান এ কথা জানিয়েছেন। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটা-বাদে ৯/১১-এর হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। এর পর থেকে লাদেনের তিন বিধবা স্ত্রী, আট সন্তান ও নাতি-নাতনিরা পাকিস্তান সরকারের হেফাজতে রয়েছে। এই সপ্তাহেই তাঁদের নির্বাসনে পাঠানোর কথা ছিল। কিন্তু নির্বাসনের জন্য আইনি প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক দিন সময় লাগবে। পাকিস্তানের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইমতিয়াজ সফদার ওয়ারেস গত মঙ্গলবার জানান, নির্বাসনে পাঠানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র তৈরি করা হচ্ছে। পাকিস্তানের এক আদালত সে দেশে অবৈধভাবে প্রবেশ ও বাস করার শাস্তি হিসেবে এ মাসের শুরুতে লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে ৪৫ দিন বন্দী রাখার আদেশ দেন। এএফপি।